২০২২ কাতার বিশ্বকাপে ব্রাজিল দলকে নিয়ে সবচেয়ে বড় বিতর্কগুলোর একটি ছিল গোল করার পর ফুটবলারদের দলবেঁধে নাচ। প্রতিপক্ষের জালে বল পাঠিয়ে সেলেসাওদের সেই সাম্বা নৃত্য বিদেশের অনেক ফুটবল বোদ্ধাদেরই ক্ষুব্ধ করেছিল। এমনকি শেষ ষোলোর ম্যাচে রিচার্লিসনের গোলের পর তৎকালীন কোচ তিতের ‘প পায়রা নাচ’ দেখে মেজাজ হারিয়েছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক কিংবদন্তি অধিনায়ক ও বর্তমান ধারাভাষ্যকার রয় কিন।
দীর্ঘ চার বছর পর ২০২৬ বিশ্বকাপের মঞ্চে ব্রাজিলের হেক্সা মিশন শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে আবারও ফিরে এলো সেই নাচের প্রসঙ্গ। তবে বর্তমান ইতালিয়ান মাস্টারমাইন্ড কার্লো আনচেলত্তি সাফ জানিয়ে দিয়েছেন, গোল উদযাপনে নাচ বা আনন্দের ওপর তিনি কোনো নিষেধাজ্ঞা আরোপ করবেন না।
শনিবার মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিরুদ্ধে মাঠে নামার আগে শুক্রবারের অফিসিয়াল সংবাদ সম্মেলনে আনচেলত্তিকে এই বিতর্ক নিয়ে প্রশ্ন করা হলে তিনি হেসে বিষয়টি উড়িয়ে দেন। ফুটবলারদের স্বাধীনভাবে উদযাপনের সুযোগ দিয়ে সেলেসাও বস বলেন, “দলের জন্য গোল উদযাপনে নাচ কোনোভাবেই নিষিদ্ধ নয়। ফিফার নিয়ম অনুযায়ী, আপনি গোল করার পর আনন্দ উদযাপন করতে পারেন, নাচতেও পারেন। যেকোনো খেলোয়াড় মাঠে নিজের মতো করে আইন মেনে যা খুশি করতে পারে, এতে আমার কোনো আপত্তি নেই।”
এতে খেলোয়াড়দের মাঠের পারফরম্যান্সের পাশাপাশি তাদের চিরচেনা সাম্বা নৃত্যের ছন্দ ধরে রেখেই কার্লো আনচেলত্তির দল ২৪ বছরের শিরোপার খরা কাটানোর লক্ষ্য নিয়ে মাঠে নামছে। আজ শনিবার মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে তারা তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে সেলেসাওরা। ম্যাচটি শুরু হবে রবিবার বাংলাদেশ সময় ভোর ৪টায়। গ্রুপ পর্বে সেলেসাওদের বাকি দুই ম্যাচ যথাক্রমে হাইতি বিপক্ষে ২০ জুন সকাল ৭টায় এবং স্কটল্যান্ডের বিপক্ষে ২৫ জুন ভোর ৪টায়।