বগুড়ায় ৪০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

আপডেট : ০৬ জুন ২০২৬, ০৫:৫৮ পিএম

বগুড়ার আদমদীঘিতে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। শনিবার (৬ জুন) বিকেল ৪টার দিকে ডিএনসি বগুড়ার উপপরিচালক মোহা. জিললুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শনিবার সকাল সাড়ে ৮টার দিলে আদমদীঘি উপজেলার সান্তাহার হবির মোড় এলাকায় বগুড়া-নওগাঁ মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার মিন্টু আলী প্রাং নওগাঁ সদর উপজেলার আরজি নওগাঁ মধ্যপাড়া এলাকার মৃত ইউসুফ আলী প্রাংয়ের ছেলে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় বগুড়ার ‘খ’ সার্কেলের কর্মকর্তারা গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম থেকে নওগাঁগামী হ্যানি এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালান। এ সময় টিকিটবিহীন যাত্রী মো. মিন্টু আলীর (৪৬) দেহ তল্লাশি করে তার প্যান্টের ডান পকেট থেকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত ইয়াবাগুলো কালো স্কচটেপে মোড়ানো দুটি নীল রঙের জিপারযুক্ত পলিপ্যাকেটে রাখা ছিল। এ ছাড়া মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি আমিগো ব্র্যান্ডের বাটন মোবাইল ফোন ও একটি সিম কার্ড জব্দ করা হয়েছে।

ডিএনসি বগুড়ার উপপরিচালক মোহা. জিললুর রহমান জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. আসলাম আলী মণ্ডল বাদী হয়ে আদমদীঘি থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। মাদক নির্মূল ও মাদকাসক্তি মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে তাদের অভিযান অব্যাহত থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত