প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি, দুর্বৃত্তরা অধরা

আপডেট : ০৯ জুন ২০২৬, ০৭:০১ এএম

রাজধানীর মতিঝিল ব্যাংকপাড়ায় প্রকাশ্যে গুলি করে টাকা ছিনতাইয়ের ঘটনায় ২৪ ঘণ্টা পার হলেও কোনো মামলা হয়নি। এ ছাড়া আইনশৃঙ্খলা বাহিনী কাউকে গ্রেপ্তারও করতে পারেনি। তবে তাদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দলসহ র‌্যাব কাজ করছে। ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি সূত্র বলছে, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

গত রবিবার বেলা ৩টার দিকে মতিঝিলে জনতা ব্যাংকের সামনে মানি এক্সচেঞ্জ ব্যবসায়ী লোকমানকে গুলি করে টাকার ব্যাগ ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। ভুক্তভোগীর দাবি, তার ব্যাগে ৬০ লাখ টাকা মূল্যমানের বৈদেশিক মুদ্রা ছিল। তবে পুলিশ বলছে, তার কাছে প্রায় ১৭ লাখ টাকা ছিল বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে।

ব্যবসায়ী লোকমান ডান হাতে গুলিবিদ্ধ হয়ে বর্তমানে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মতিঝিল থানার ওসি কামরুজ্জামান তালুকদার জানান, ছিনতাইয়ের ঘটনায় এখন পর্যন্ত ভুক্তভোগী মামলা করেনি। এ ছাড়া কাউকে গ্রেপ্তার করাও সম্ভব হয়নি। পুলিশের একাধিক দল এটা নিয়ে কাজ করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত