কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুমাইয়া আফরিন রিনথী ও তার মা তাহমিনা বেগম হত্যাকা-ের ২৭২ দিন পেরিয়ে গেলেও এখনো বিচার কার্যক্রম শুরু হয়নি। আলোচিত এই জোড়া হত্যাকা-ে গ্রেপ্তার হওয়া আসামি আদালতে দোষ স্বীকার করলেও তদন্ত প্রতিবেদন দাখিলে বিলম্বের কারণে বিচারিক প্রক্রিয়া এগোচ্ছে না।
গত বছরের ৮ সেপ্টেম্বর নগরীর কালিয়াজুড়ি এলাকার একটি ভাড়া বাসায় সুমাইয়া আফরিন ও তার মা তাহমিনা বেগমকে হত্যা করা হয়। ঘটনার দিনই মোবারক হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন ৯ সেপ্টেম্বর রাতে কুমিল্লার ১ নম্বর আমলি আদালতে দেওয়া জবানবন্দিতে তিনি হত্যাকা-ের দায় স্বীকার করেন। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়। নৃশংস এ হত্যাকা- দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করে এবং দীর্ঘ সময় পেরুলেও বিচার সম্পন্ন হয়নি। আসামির স্বীকারোক্তির পরেও বিচারিক কার্যক্রম ও শাস্তি নিশ্চিত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন নিহতের পরিবার ও সুমাইয়ার সহপাঠীরা। সুমাইয়ার বড় ভাই মো. সাইফুল বলেন, ‘প্রশাসনের গাফিলতি না থাকলে তো এত দেরি হওয়ার কোনো কারণ নেই।’
মামলার তদন্ত কর্মকর্তা শরিফ ইবনে আলম জানান, ‘তদন্ত শেষ হয়েছে। চূড়ান্ত প্রতিবেদন জমার আগে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন নিতে হয়। কয়েকদিনের দিনের মধ্যেই প্রতিবেদন জমা দিতে পারব।’