ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের চিরচেনা দুই প্রতিদ্বন্দ্বী শাবনূর ও পূর্ণিমা। পর্দার লড়াই থাকলেও ব্যক্তিগত জীবনে যে তাদের সম্পর্ক কতটা গভীর, তার প্রমাণ মিলল ফের সামাজিক যোগাযোগমাধ্যমে। সম্প্রতি শাবনূরের সঙ্গে কাটানো কিছু পুরনো স্মৃতিময় মুহূর্ত ভিডিও আকারে শেয়ার করে আবেগঘন বার্তা দিয়েছেন চিত্রনায়িকা পূর্ণিমা।
সহকর্মীর প্রতি শ্রদ্ধা জানিয়ে পূর্ণিমা লেখেন, ‘কিছু মানুষ কেবল তারকা নন, তারা মানুষের হৃদয়ে চিরকাল বেঁচে থাকেন। শাবনূর আপু বাংলা চলচ্চিত্রের এক উজ্জ্বল নক্ষত্র।’ পর্দার সাফল্যের চেয়েও শাবনূরের মানবিক গুণাবলি এবং অসাধারণ ব্যক্তিত্বকে বড় করে দেখিয়েছেন তিনি। স্মৃতিচারণ করতে গিয়ে পূর্ণিমা আরও উল্লেখ করেন, কয়েক বছর আগে শাবনূরের সঙ্গে কাটানো সেই মুহূর্তগুলো তার জীবনের অন্যতম মূল্যবান সঞ্চয়।
শুধু প্রশংসা নয়, প্রিয় নায়িকার বড় পর্দায় অনুপস্থিতি যে দর্শকদের মতো পূর্ণিমাকেও পোড়ায়, তাও স্পষ্ট করেছেন এই অভিনেত্রী। পোস্টের শেষে শাবনূরকে রুপালি পর্দায় ফিরে দেখার তীব্র আকাক্সক্ষা জানিয়ে তিনি লেখেন, ‘আপনাকে বড় পর্দায় খুব মিস করি। অনেক শ্রদ্ধা ও ভালোবাসা।’