নীলফামারী সদরে নিখোঁজের একদিন পর পুকুর থেকে স্বপন ইসলাম (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (১০ জুন) সকাল ১০টার দিকে সদর উপজেলার ইটাখোলা ইউনিয়নের মোজাহারের টারি এলাকার বাঁশঝাড়সংলগ্ন একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত স্বপন ওই এলাকার তৈয়ব আলীর ছেলে।
পারিবারিক ও স্থানীয়দের সূত্রে জানা যায়, স্বপন দীর্ঘদিন ধরে মৃগী রোগে আক্রান্ত ছিলেন। গতকাল মঙ্গলবার দুপুরে রান্নার জ্বালানি হিসেবে খড়ি সংগ্রহ করতে বাড়ি থেকে বের হওয়ার পর তিনি আর ফিরে আসেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও কোথাও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
বুধবার সকালে বাড়ির পাশের বাঁশঝাড়সংলগ্ন একটি পুকুরে তার মরদেহ ভাসতে দেখেন এলাকাবাসী। এ সময় পুকুরপাড়ে খড়ির একটি বোঝাও পড়ে থাকতে দেখা যায়। খড়ি সংগ্রহের সময় মৃগী রোগের খিঁচুনি উঠলে তিনি পুকুরে পড়ে যান এবং সেখানেই তার মৃত্যু হয় বলে এলাকাবাসী ধারণা করছেন।
বিষয়টি নিশ্চিত করে ইটাখোলা ইউনিয়ন পরিষদের ( ইউপি) ১ নম্বর ওয়ার্ড সদস্য মশিউর রহমান বলেন, স্বপন দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন। প্রায়ই তার খিঁচুনি উঠত। খড়ি কুড়াতে গিয়ে হয়তো তার খিঁচুনি উঠেছিল। ঘটনাস্থলটি নির্জন হওয়ায় কেউ বিষয়টি দেখতে পায়নি। ধারণা করা হচ্ছে, পুকুরে ডুবে তার মৃত্যু হয়েছে।
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, অভিযোগ না থাকায় মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়।