'ওরা প্রাপ্ত বয়স্ক, যা খুশি তাই করতে পারে'— ইংল্যান্ড কোচ

আপডেট : ১২ জুন ২০২৬, ১২:১৩ পিএম

বিশ্বকাপ শুরুর আগে নিজেদের শেষ প্রস্তুতি ক্যাম্প শেষে ফুটবলারদের ছুটি দিয়েছেন ইংল্যান্ডের নতুন মাস্টারমাইন্ড টমাস টুখেল। তবে এই ছুটিতে খেলোয়াড়দের ওপর কোনো নিয়মের বেড়াজাল বা কড়া নিষেধাজ্ঞা আরোপ করেননি তিনি। ফুটবলারদের দায়িত্বশীলতার ওপর পূর্ণ আস্থা রেখে টুখেল সাফ জানিয়ে দিয়েছেন, তারা সবাই প্রাপ্তবয়স্ক এবং নিজেদের ভালো-মন্দ বোঝার ক্ষমতা তাদের আছে।

ফ্লোরিডায় প্রাক-বিশ্বকাপ ক্যাম্পের শেষ দিনে বৃহস্পতিবার অপেশাদার ক্লাব মিয়ামি ইউনাইটেডের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলে ইংল্যান্ড দল। এরপরই ফুটবলারদের শুক্রবার পর্যন্ত পূর্ণ মানসিক ও শারীরিক বিশ্রামের জন্য ছুটি দেওয়া হয়। আগামী শনিবার তারা বিশ্বকাপের মূল বেস ক্যাম্প কানসাস সিটির উদ্দেশ্যে রওনা হবে।

সংবাদ সম্মেলনে শিষ্যদের ছুটি ও স্বাধীনতার প্রসঙ্গে টমাস টুখেল বলেন, 'ছুটির সময়ে খেলোয়াড়রা প্রায় যা খুশি তা-ই করতে পারে। তবে তারা কোনো ফ্লাইটে চড়তে পারবে না। আমরা ফ্লাইটের ওপর নিষেধাজ্ঞা দিয়েছি কারণ টুর্নামেন্টজুড়েই আমাদের অনেক বিমানভ্রমণ করতে হবে।"

খেলোয়াড়দের ওপর বিশ্বাসের কথা জানিয়ে তিনি আরও যোগ করেন, "ফ্লাইটে যাওয়ার অনুমতি কেউ চায়ওনি। ওরা প্রাপ্তবয়স্ক। তারা অত্যন্ত সংকল্পবদ্ধ, তাই এই বিশ্বাসটা একতরফা নয়। আমরা তাদের যে দায়িত্ব ও বিশ্বাস দিয়েছি, তারা সেটার মর্যাদা রাখবে বলেই আশা করি। আমি তাদের মধ্যে একটি লক্ষ্যস্থির দল দেখেছি যাদের একটি স্বপ্ন আছে এবং তারা জানে সেটি অর্জনের জন্য কী করতে হবে। আমার পূর্ণ বিশ্বাস আছে যে তারা এই স্বপ্ন নিয়ে কোনো জুয়া খেলবে না।"

ফ্লোরিডায় সফল মিশন, এবার আসল লড়াই

ফ্লোরিডার কন্ডিশনে ইংল্যান্ড দলের প্রস্তুতি বেশ চমৎকার কেটেছে। পরিবার ও বন্ধুদের সান্নিধ্যে খোলামেলা পরিবেশে কঠোর অনুশীলনের পাশাপাশি দুটি প্রস্তুতি ম্যাচেই জয় পেয়েছে থ্রি-লায়ন্সরা। প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে ১-০ ব্যবধানে হারানোর পর গত বুধবারে অরল্যান্ডোতে কোস্টা রিকাকে ৩-০ গোলে উড়িয়ে দেয় তারা।

আগামী বুধবার (১৭ জুন) ড্যালাসে ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ইংল্যান্ড তাদের বিশ্বকাপ মিশন শুরু করবে। টুখেল মনে করেন, এই মুহূর্তে ভেন্যু পরিবর্তন ফুটবলারদের মানসিক সতেজতার জন্য দারুণ কাজে দেবে।

ফলস নাইন বা 'ফ্রি রোল' ৯ নম্বরে দেখা যেতে পারে বেলিংহামকে!

কোস্টা রিকার বিপক্ষে ম্যাচের শেষ দিকে হ্যারি কেইনকে তুলে নিয়ে মর্গান রজার্সকে নামানোর পর জুড বেলিংহামকে স্ট্রাইকার বা ৯ নম্বর পজিশনে খেলিয়েছিলেন টুখেল। সেই পজিশনে বেলিংহামের ড্রিবলিং ও পাস থেকেই পেনাল্টি পায় ইংল্যান্ড, যা থেকে গোল করেন অ্যান্থনি গর্ডন।

বিশ্বকাপে বেলিংহামকে এই পজিশনে দেখা যাবে কি না—এমন প্রশ্নে টুখেল ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন, "হতেও পারে... আমরা টুর্নামেন্টে দেখব। জুড প্রায় একটা 'ফ্রি রোল'-এ নম্বর ৯ হিসেবে খেলতে পারে; ও নিচে নেমে মিডফিল্ডে চলে আসতে পারে, হাফ-স্পেসে ড্রপ করতে পারে, আবার ড্রিবলিংও শুরু করতে পারে। তখন হ্যারি কেইন অ্যাসিস্ট করার ভূমিকায় যেতে পারবে।"

টুখেল আরও বলেন, "জুডের গোল করার এবং বক্সে ঢুকে সিদ্ধান্ত নেওয়ার মতো দারুণ ব্যক্তিত্ব আছে। তাই ও এবং মর্গানকে নিয়ে খেলাটা আমাদের একটা বড় অপশন। অলি ওয়াটকিন্স এবং ইভান টোনিও দারুণ ছন্দে আছে। সব মিলিয়ে আমার হাতে বেশ কিছু ভালো বিকল্প রয়েছে।"

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত