বিশ্বকাপ শুরুর প্রাক্কালে বড় ধাক্কা খেল জাপান। দলের অধিনায়ক ও অভিজ্ঞ মিডফিল্ডার ওয়াতারু এন্দো চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন। একই সঙ্গে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর ঘোষণাও দিয়েছেন তিনি। ফলে বিশ্বকাপের আগে নেতৃত্ব ও অভিজ্ঞতার দিক থেকে বড় ক্ষতির মুখে পড়েছে জাপান।
বৃহস্পতিবার জাপান ফুটবল অ্যাসোসিয়েশন (জেএফএ) এক বিবৃতিতে এন্দোর বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে। তার পরিবর্তে বিশ্বকাপ স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে ফরোয়ার্ড সুতো মাচিনোকে।
৩৩ বছর বয়সী এন্দো সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন বার্তায় জানান, চোট কাটিয়ে বিশ্বকাপে ফেরার জন্য তিনি সর্বোচ্চ চেষ্টা করেছিলেন। তবে শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি। তিনি লেখেন, ‘চোট পাওয়ার পর থেকে সুস্থ হয়ে ফেরার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছি। তাই কোনো আফসোস নেই। জাতীয় দল থেকে অবসর নিচ্ছি। এখন থেকে একজন সাধারণ সমর্থক হিসেবে জাপানকে সমর্থন করব।’
দীর্ঘ সময় ধরে জাপানের মাঝমাঠের অন্যতম ভরসা ছিলেন এন্দো। শুধু মাঠের পারফরম্যান্সই নয়, দলের নেতৃত্বেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি। তার অভিজ্ঞতা ও নেতৃত্ব জাপানের সাম্প্রতিক সাফল্যের অন্যতম ভিত্তি হিসেবে বিবেচিত হয়ে আসছে।
তাই বিশ্বকাপের মতো বড় আসরের ঠিক আগে এন্দোর বিদায়কে জাপানের জন্য বড় ধাক্কা হিসেবে দেখছেন ফুটবল বিশ্লেষকরা। তার অনুপস্থিতিতে মাঝমাঠের নিয়ন্ত্রণ ও নেতৃত্বের দায়িত্ব নতুনদের কাঁধে এসে পড়বে।
আগামী রবিবার নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে জাপান। ‘এফ’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ তিউনিসিয়া ও সুইডেন। অধিনায়ককে হারিয়ে নতুন বাস্তবতায় বিশ্বকাপ মিশনে নামছে জাপান।