ভারতীয় জাহাজে ড্রোন হামলা, ইরানকে সতর্ক করলেন ট্রাম্প

আপডেট : ১৩ জুন ২০২৬, ১২:৩৯ এএম

পারস্য উপসাগরের হরমুজ প্রণালী থেকে ছেড়ে আসা ভারতীয় জাহাজ লক্ষ্য করে ইরান ড্রোন হামলা চালানোর চেষ্টা করেছে বলে অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ঘটনাকে তিনি ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বলে অভিহিত করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ এক পোস্টে ট্রাম্প দাবি করেন, ‘গত রাতে হরমুজ প্রণালী ত্যাগ করা ভারতীয় জাহাজগুলোর ওপর ইরানের ড্রোন হামলা ব্যর্থ হয়েছে, যা মোটেও গ্রহণযোগ্য নয়।’

ট্রাম্পের এই অভিযোগের প্রেক্ষাপটে জানা গেছে, চলতি সপ্তাহে ওমান উপকূলে ভারতীয় নাবিকবাহী তিনটি জাহাজে হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে পালাউ-পতাকাবাহী ট্যাঙ্কার ‘এমটি সেত্তেবেল্লো’-তে হামলায় ৩ ভারতীয় নাবিক প্রাণ হারিয়েছেন। ভারত সরকার এই হামলার ঘটনাকে ‘গভীর উদ্বেগজনক’ বলে উল্লেখ করে এবং অবিলম্বে এ ধরনের সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছে।

জাহাজে হামলার পাশাপাশি, যুদ্ধ বন্ধের লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রস্তাবিত চুক্তি নিয়ে ইরানের প্রচার করা সংস্করণটি নিয়েও ট্রাম্প ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি সাফ জানিয়েছেন, চুক্তির যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে, তার সঙ্গে ইরানের দাবির কোনো মিল নেই।

ইরানের বিরুদ্ধে ক্ষোভ ঝেড়ে ট্রাম্প বলেন, ‘তাদের (ইরান) বর্ণনা সত্যের ধারেকাছেও নেই।’ তিনি ইরানের কর্মকর্তাদের সাথে কাজ করাকে ‘অসৎ’ বলে মন্তব্য করে বলেন, ‘তাদের সাথে কোনো কিছুতেই সদিচ্ছা বজায় রাখা সম্ভব নয়। তাদের দ্রুত নিজেদের শুধরে নিতে হবে!’

এদিকে, যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি নিয়ে ছড়িয়ে পড়া বিভ্রান্তি দূর করার চেষ্টা করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, ইরান কোনো নগদ অর্থ পাচ্ছে না এবং চুক্তির শর্ত অনুযায়ী কোনো তহবিলও ছাড়া হচ্ছে না।

এক্সে (সাবেক টুইটার) জেডি ভ্যান্স লেখেন, ‘এই চুক্তির কাঠামো এমনভাবে তৈরি করা হয়েছে যাতে যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের অগ্রাধিকার নিশ্চিত করা যায়। ইরান যদি তাদের প্রতিশ্রুতি পূরণ করে, তবেই পুরো অঞ্চলে অর্থনৈতিক সুবিধা পৌঁছাবে।’

অন্যদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এক্সে এক পোস্টে দাবি করেছেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধের চুক্তির বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইরান এখন ‘সর্বোচ্চ কাছাকাছি’ অবস্থানে রয়েছে। তিনি বলেন, ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক এখন সাফল্যের খুব কাছে।’ উল্লেখ্য, এর আগেও পাকিস্তানভিত্তিক এই সমঝোতা নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা হয়েছিল।

সূত্র: এনডিটিভি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত