জন্মদিন

আনা ফ্রাঙ্কের ডায়েরির ঢেকে রাখা দুটি পৃষ্ঠা

আপডেট : ১২ জুন ২০২৬, ১১:৫৮ পিএম

আনা ফ্রাঙ্কের ডায়েরির বাদ দেওয়া দুটি পৃষ্ঠা এবং তার মৃত্যুর প্রকৃত সময় নিয়ে এমন কিছু নতুন তথ্য সামনে এসেছে, যা ইতিহাসকে নতুন করে দেখতে বাধ্য করে।

২০১৬ সালে আনা ফ্রাঙ্ক হাউজের গবেষকরা বিশেষ ডিজিটাল ইমেজ প্রসেসিং ও এক্স-রে প্রযুক্তি ব্যবহার করে আনার ডায়েরির এমন দুটি পৃষ্ঠা উন্মোচন করেন, যা আনা নিজেই বাদামি রঙের কাগজ দিয়ে আঠা লাগিয়ে ঢেকে দিয়েছিলেন। ওই বছর গবেষণার পর ২০১৮ সালে আনা ফ্রাঙ্ক হাউজ আনুষ্ঠানিকভাবে এই তথ্যটি প্রকাশ করে। পৃষ্ঠাগুলো এতটাই নাজুক ছিল যে, স্পর্শ না করেই এই প্রযুক্তি ব্যবহার করতে হয়েছিল। জানা যায়, ১৩/১৪ বছর বয়সী আনা সেখানে মূলত বয়ঃসন্ধিকালীন শারীরিক পরিবর্তন, যৌনশিক্ষা এবং কিছু চটুল বা প্রাপ্তবয়স্কদের কৌতুক লিখেছিলেন, যা তিনি লোকচক্ষুর আড়ালে রাখতে চেয়েছিলেন।

অন্যদিকে, ডায়েরির শেষ অধ্যায়ের পর আনার পরিণতি নিয়ে যে ইতিহাস আমরা জানতাম, সেখানেও এসেছে বড় পরিবর্তন। রেডক্রসের পুরনো নথিপত্র অনুযায়ী দীর্ঘকাল ধারণা করা হতো যে, আনা ফ্রাঙ্ক ১৯৪৫ সালের মার্চ মাসে টাইফাস রোগে আক্রান্ত হয়ে মারা যান। কিন্তু ২০১৫ সালের একটি গবেষণায় প্রত্যক্ষদর্শীদের নথিপত্র ঘেঁটে দেখা যায়, আনা এবং তার বোন মার্গট ১৯৪৫ সালের ফেব্রুয়ারি মাসের শুরুর দিকেই মারা গিয়েছিলেন। অর্থাৎ, ব্রিটিশ বাহিনী যখন Bergen-Belsen কনসেন্ট্রেশন ক্যাম্পটি উদ্ধার করে, তার মাত্র দুই মাস আগে নয়, বরং প্রায় তিন মাস আগেই নাৎসিদের অবর্ণনীয় নির্যাতনের শিকার হয়ে এই কালজয়ী ডায়েরির রচয়িতা শেষ নিশ্বাস ত্যাগ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত