পাকিস্তানে ৭২ ঘণ্টায় ২১ জঙ্গী নিহত: আইএসপিআর

আপডেট : ১৩ জুন ২০২৬, ০২:৫৪ পিএম

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ার উত্তর ওয়াজিরিস্তানে চলমান গোয়েন্দা-ভিত্তিক অভিযানে (আইবিও) গত ৭২ ঘণ্টায় ২১ জন জঙ্গী নিহত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। সূত্র পাকিস্তানের ডন সংবাদমাধ্যমের।  

শনিবার (১৩ জুন) এক বিবৃতিতে আইএসপিআর জানায়, মিরানশাহ ও আশপাশের এলাকায় একাধিক সন্ত্রাসী অবস্থান লক্ষ্য করে অভিযান চালানো হয়। তীব্র গোলাগুলির পর গত তিন দিনে এসব অভিযান চালিয়ে ২১ জন ‘খারিজি’ নিহত হয়, যাদের মধ্যে চারজন ছিল গুরুত্বপূর্ণ সন্ত্রাসী নেতা।

নিহতদের মধ্যে কয়েকজন শীর্ষ কমান্ডার রয়েছে বলে জানানো হয়। তাদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনী ও সাধারণ নাগরিকদের ওপর হামলার অভিযোগ ছিল।

আইএসপিআর আরও জানায়, এর আগের ৭২ ঘণ্টায় ২৭ জনসহ মোট ৪৮ জন সন্ত্রাসী নিহত হয়েছে চলমান অভিযানে। অভিযান চলাকালে অস্ত্র ও গোলাবারুদও উদ্ধার করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, দেশ থেকে বিদেশি সমর্থিত সন্ত্রাসবাদ নির্মূলের লক্ষ্যে ‘আজম-ই-ইস্তেহকাম’ কর্মসূচির আওতায় এ অভিযান অব্যাহত থাকবে। এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে এবং পাল্টা হামলা ঠেকাতে মিরানশাহে সাময়িকভাবে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

পাকিস্তানি নিরাপত্তা পরিস্থিতি সাম্প্রতিক সময়ে খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তানে সন্ত্রাসী হামলা বেড়ে যাওয়ায় আবারও অবনতি হয়েছে বলে বিভিন্ন নিরাপত্তা বিশ্লেষণ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত