লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের পর দক্ষিণ আমেরিকান ফুটবলে তৈরি হয়েছে এক নতুন আবহ। তবে অবসরের ধাক্কা সামলে নতুন ২০৩০ বিশ্বকাপ চক্রকে সামনে রেখে নিজেদের গুছিয়ে নিতে ব্যস্ত কনমেবল অন্তর্ভুক্ত দেশগুলো। আগামী ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবরের বর্ধিত ফিফা উইন্ডোতে মহাদেশটির দলগুলো খেলতে যাচ্ছে মোট ২৪টি প্রীতি ম্যাচ। তবে অন্যান্য ৯ দেশ নিজেদের সময়সূচি ও প্রতিপক্ষ চূড়ান্ত করলেও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন এখনো তাদের সূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি।
লিওনেল স্কালোনি ও তার কোচিং স্টাফ দল ঘোষণার প্রস্তুতি নিচ্ছেন, যার সময়সীমা শেষ হচ্ছে রবিবার। ঘরের মাঠে অন্তত একটি বা একাধিক ম্যাচ খেলার প্রাথমিক পরিকল্পনা থাকলেও নিশ্চিত প্রতিপক্ষ না পাওয়ায় ঝুলে আছে আনুষ্ঠানিক ঘোষণা। ইউরোপ ও কনকাকাফ অঞ্চলে নেশনস লিগ চলায় এবং এশিয়ার সূচি ব্যস্ত থাকায়, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন আফ্রিকান প্রতিপক্ষদের সঙ্গে আলোচনার চেষ্টা চালাচ্ছে। ম্যাচগুলো রিভার প্লেটের মনুমেন্টাল স্টেডিয়াম, রোজারিও এবং কর্দোবার মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে হতে পারে। আর এর একটিতে মেসিকে বিদায় সংবর্ধনা দেবে এএফএ।
ব্রাজিল : বিশ্বকাপ দ্রুত শেষ করার পরও কার্লো আনচেলত্তির ওপর আস্থা রেখেছে সিবিএফ। সেপ্টেম্বর উইন্ডোতে অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের বিরুদ্ধে দুটি ম্যাচের পর কলকাতায় ভারতের মুখোমুখি হবে সেলেসাওরা। নভেম্বরের আবার এশিয়ায় ফিরে সিঙ্গাপুরে জাপান ও সিঙ্গাপুরের বিরুদ্ধে খেলবে তারা।
উরুগুয়ে : মার্সেলো বিয়েলসার বিদায়ের পর অন্তর্বর্তীকালীন দায়িত্ব পাওয়া ডিয়েগো ফরলানের অধীনে উরুগুয়ে সফর করবে জাপান, দক্ষিণ কোরিয়া এবং ভারতের কলকাতায়।
ইকুয়েডর : আর্জেন্টিনার কোচ মার্সেলো গ্যালার্দোর অধীনে এশিয়ায় এশিয়ান পরাশক্তি দক্ষিণ কোরিয়া, জাপান এবং পানামা/নিউজিল্যান্ডের বিপক্ষে যাত্রা শুরু করবে ইকুয়েডর।
কলম্বিয়া ও প্যারাগুয়ে : আরেক আর্জেন্টাইন নেস্টর লরেঞ্জোর চুক্তির মেয়াদ বাড়িয়েছে কলম্বিয়া; তারা মেক্সিকো, প্যারাগুয়ে ও পেরুর মুখোমুখি হবে। অন্যদিকে গুস্তাভো আলফারোর প্যারাগুয়ে উত্তর আমেরিকায় খেলবে বলিভিয়া ও কলম্বিয়ার বিরুদ্ধে।
পেরু, ভেনিজুয়েলা ও চিলি : মানো মেনেজেসের পেরু চার টেস্ট ম্যাচের জন্য উত্তর আমেরিকায় অবস্থান করবে। ভেনিজুয়েলা এশিয়ায় জাপান ও দক্ষিণ কোরিয়ার বিপক্ষে নামবে, আর নিকোলাস কর্দোভার অধীনে চিলি লড়বে কানাডা, যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর সঙ্গে।
মেসিকে মিস করবে ফুটবল বিশ্ব : আর্জেন্টিনা জাতীয় দল থেকে লিওনেল মেসির অবসরের ঘোষণায় শ্রদ্ধার্ঘ্য জানিয়েছেন রিয়াল মাদ্রিদের পর্তুগিজ কিংবদন্তি কোচ হোসে মরিনহো। ৩৯ বছর বয়সে মেসিকে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাতে দেখে মরিনহো মন্তব্য করেন, ‘ফুটবল বিশ্ব এমন একজন খেলোয়াড়কে মিস করবে।’
শুক্রবার লা লিগায় রিয়াল বেতিসের বিপক্ষে খেলবে রিয়াল মাদ্রিদ। সেই ম্যাচের আগের সংবাদ সম্মেলনে মেসির জাতীয় দল থেকে অবসরের ঘোষণা নিয়ে প্রশ্ন করা হলে মরিনিহো বলেন, ‘মেসিকে নিয়ে কথা বলাটা কঠিন। তার খেলোয়াড়ি মান নিয়ে বলার মতো খুব বেশি কিছু নেই। এমনকি এই যে বিশ্বকাপ, সেখানে ৩৮ বা ৩৯ বছর বয়সেও সে আমাদের দেখিয়েছে, সে কী করতে পারে। আমাদের মতো একটি পুরো প্রজন্মের কাছে গত দুই দশকে মেসি কী ছিলেন, তা আমরা সবাই জানি। এখন থেকে তার শেষ দিনগুলোর খেলা উপভোগ করতে আমাদের এমএলএস ম্যাচ দেখতে হবে। আমি ব্যক্তিগতভাবে খুব একটা এমএলএস দেখতে পছন্দ করি না, কিন্তু তাকে দেখতে হলে দেখতে হবে।’