সিরিয়ার কাছেও হারল যুবরা

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২২ এএম

এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্বে টানা দ্বিতীয় হারের তেতো স্বাদ পেল বাংলাদেশ। বৃহস্পতিবার উজবেকিস্তানে বি- গ্রুপের ম্যাচে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে জেরার্ড জোন্সের দল।

নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক উজবেকিস্তানের কাছে ২-০ গোলে হেরেছিল তারা। ফলে টানা দুই ম্যাচে হেরে শূন্য পয়েন্ট নিয়ে বি- গ্রুপের তলানিতে বাংলাদেশ। অন্যদিকে উজবেকিস্তান, ভারত ও সিরিয়ার সংগ্রহ তিন পয়েন্ট করে। বাংলাদেশের শেষ গ্রুপ ম্যাচ রবিবার ভারতের বিপক্ষে। বাছাইপর্ব থেকে আট গ্রুপের চ্যাম্পিয়ন এবং সেরা সাত রানার্সআপ মূল পর্বে জায়গা করে নেবে। স্বাগতিক হিসেবে চীন সরাসরি মূল পর্বে খেলবে। ফলে টানা দুই হারে বাংলাদেশের সামনে এখন কঠিন হিসাব।

তাসখন্দের দস্তলিক স্টেডিয়ামে প্রথমার্ধের মাঝামাঝি সময়ে অবশ্য বাংলাদেশ কিছুটা চাপ তৈরি করে। জয় আহমেদ ফ্রি-কিক আদায় করে নিলে শেখ সংগ্রাম বল বাড়িয়ে দেন বক্সে। সিরিয়ার এক ডিফেন্ডার মাথা দিয়ে বলটি কর্নারের জন্য বাইরে পাঠান। কর্নার থেকে অধিনায়ক আবদুল রিয়াদ ফাহিম ভালো অবস্থানে থেকেও হেড নিতে পারেননি। কিছুক্ষণ পর ফাহিমের নেওয়া অ্যাঙ্গেল শটও সিরিয়ার গোলরক্ষক ইসমাইল হাদি ঝাঁপিয়ে পড়ে কর্নারের বিনিময়ে ঠেকিয়ে দেন।

৪২ মিনিটে আবারও বিপদে পড়ে বাংলাদেশ। থ্রু বল পেয়ে অরক্ষিত এক সিরিয়ান খেলোয়াড়ের শট অল্পের জন্য ক্রসবারের ওপর দিয়ে যায়। তবে দুই মিনিট পর আর রক্ষা হয়নি। ৪৪ মিনিটে লম্বা পাস নিয়ন্ত্রণে নিয়ে দারুণ দক্ষতায় ব্যাকহিল করে অ্যালান মামোর কাছে বল বাড়ান আবদুল্লাহ। মামোর নিচু ও জোরালো শট বাংলাদেশের জালে জড়িয়ে যায় (১-০)। এক গোলের ধাক্কা সামলানোর আগেই আবারও গোল হজম করে বাংলাদেশ। বক্সের প্রান্তে জায়গা করে নিয়ে মেরিওস আলহেরেক শটে পরাস্ত করেন রাজ চৌধুরীকে। বিরতিতে ২-০ গোলে পিছিয়ে থাকে বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধে কিছুটা দ্রুতগতিতে খেলার চেষ্টা করে বাংলাদেশ। কিন্তু তাতে সিরিয়ার ওপর উল্লেখযোগ্য চাপ তৈরি করা সম্ভব হয়নি। বরং ম্যাচের শেষ দিকে আরও গোলের জন্য মরিয়া হয়ে ওঠে সিরিয়া। বাংলাদেশকে আরও বড় ব্যবধানে হার থেকে বেশ কয়েকবার রক্ষা করেন গোলরক্ষক রাজ চৌধুরী। ৭৩ মিনিটে আমের আম্মারের বাঁকানো ফ্রি-কিক দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন তিনি। ৮৫ মিনিটে মামোর আরেকটি শটও ঝাঁপিয়ে পড়ে প্রতিহত করেন রাজ। তবে এর কিছুক্ষণ পরই অদ্ভুতভাবে তৃতীয় গোলটি হজম করে বাংলাদেশ।

সর্বশেষ সর্বাধিক পঠিত