পাকিস্তানে সেনা অভিযানে ৪ নেতাসহ ২১ জঙ্গি নিহত

আপডেট : ১৪ জুন ২০২৬, ০২:৩০ এএম

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখাওয়ার উত্তর ওয়াজিরিস্তান জেলার বিভিন্ন অঞ্চলে গত তিন দিন ধরে অভিযান চালিয়েছে দেশটির সেনা-পুলিশ নিরাপাত্তা বাহিনী। এ অভিযানে চার জঙ্গি নেতাসহ ২১ জঙ্গি নিহত হয়েছে।

গতকাল শনিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনীর আন্তঃবিভাগ জনসংযোগ দপ্তর (আইএসপিআর)। নিহত জঙ্গি নেতাদের পরিচয় প্রকাশ করা হয়েছে।

তারা হলো খালিদ রেজা ওরফে সালার, মুফতুন, মুসা ও ইমরান ওরফে আয়ান। নিহতরা সবাই পাকিস্তানের নিষিদ্ধ সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী তেহরিক-ই তালিবান (টিটিপি) পাকিস্তানের সদস্য। যে চার জঙ্গি নেতা নিহত হয়েছে, তারা টিটিপির উত্তর ওয়াজিরিস্তান শাখার গুরুত্বপূর্ণ সংগঠক (রিং লিডার) ছিল।

টিটিপিকে ‘ফিৎনা আল খারিজি’ নামে সম্বোধন করে বিবৃতিতে বলা হয়েছে, নিহত খারিজি চক্রের এ চার নেতা নিরাপত্তা বাহিনীর সদস্য ও বেসামরিক নাগরিকদের হত্যাসহ অসংখ্য সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল।

আইএসপিআরের বিবৃতিতে আরও বলা হয়, গত সপ্তাহে খাইবার পাখতুনখাওয়ার মিরান শাহ জেলায় অভিযান চালিয়েছিল সেনা-পুলিশ নিরাপত্তা বাহিনী। সে অভিযানে নিহত হয়েছে ২৭ জঙ্গি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত