ভারত সরকার বর্তমান ভাইস চিফ অব আর্মি স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠকে দেশটির পরবর্তী সেনাপ্রধান হিসেবে নিয়োগ দিয়েছে। আগামী ৩০ জুন বিকেল থেকে তিনি দায়িত্ব গ্রহণ করবেন। একই দিন বর্তমান সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী অবসর গ্রহণ করবেন। গতকাল শনিবার ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে থাকা প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি) এ খবর জানিয়েছে। লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির সাবেক শিক্ষার্থী। ১৯৮৬ সালের ডিসেম্বরে তিনি সাঁজোয়া বাহিনীতে কমিশন্ডপ্রাপ্ত হন। প্রায় চার দশকের সামরিক জীবনে তিনি অপারেশন, কৌশলগত পরিকল্পনা, সক্ষমতা উন্নয়ন এবং প্রাতিষ্ঠানিক বিভিন্ন ক্ষেত্রে দায়িত্ব পালন করেছেন। সেনাবাহিনীর যুদ্ধ সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদি রূপান্তরে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে তার।
সামরিক জীবনে বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছেন ধীরজ শেঠ। তার কমান্ড দায়িত্বের মধ্যে ছিল মরু অঞ্চলে একটি সাঁজোয়া রেজিমেন্ট, পশ্চিমাঞ্চলে একটি সাঁজোয়া ব্রিগেড এবং জম্মু ও কাশ্মীরে একটি সন্ত্রাসবিরোধী বাহিনীর নেতৃত্ব। লেফটেন্যান্ট জেনারেল পদে তিনি ভারতীয় সেনাবাহিনীর অন্যতম প্রধান স্ট্রাইক ফরমেশন সুদর্শন চক্র কোরের নেতৃত্ব দেন। পরে লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দিল্লির জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময় তিনি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক কর্মকাণ্ড ও রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা তদারকি করেছেন। সেনাবিহনীর কমান্ডার হিসেবে পদোন্নতির পর ধীরাজ শেঠ দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কমান্ড এবং দক্ষিণাঞ্চলীয় কমান্ডের দায়িত্ব পালন করেন। এর মাধ্যমে দুইটি অপারেশনাল আর্মি কমান্ডের নেতৃত্ব দেওয়ার বিরল অভিজ্ঞতা অর্জন করেন তিনি। আড়াই বছরেরও বেশি সময় ধরে গুরুত্বপূর্ণ সামরিক অঞ্চলে কৌশলগত তদারকির দায়িত্বও পালন করেন।
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও উল্লেখ করেছে, সামরিক শিক্ষার ক্ষেত্রে ধীরাজ শেঠের ক্যারিয়ার বেশ কৃতিত্বপূর্ণ। ভারতীয় সেনাবাহিনীর আধুনিকায়নে লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কৌশলগত পরিকল্পনা ও সক্ষমতা বৃদ্ধির মতো গুরুত্বপূর্ণ পদগুলোতে থেকে তিনি এ কাজে নেতৃত্ব দেন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও বলা হয়, পেশাগত সামরিক শিক্ষায়ও তিনি দারুণ কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। তিনি ‘হায়ার কমান্ড কোর্স’ ও ‘ন্যাশনাল ডিফেন্স কলেজ’ থেকে স্নাতক সম্পন্ন করেছেন। এ ছাড়া তিনি প্যারিসের মর্যাদাপূর্ণ ‘কমান্ড অ্যান্ড স্টাফ কোর্সেও’ অংশ নিয়েছেন। ভারতের বিদায়ী সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী ২০২৪ সালের জুনে জেনারেল মনোজ পান্ডের স্থলাভিষিক্ত হয়েছিলেন।