এক বছর দুই মাস বন্ধ থাকার পর আবার চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর রুটে সরাসরি ফ্লাইট। আগামী ২৭ জুলাই থেকে এ রুটে পুনরায় ফ্লাইট পরিচালনা শুরু হবে। গতকাল সোমবার দুপুরে সচিবালয়ের তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম এবং প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রাথমিকভাবে সপ্তাহে একটি ফ্লাইট পরিচালনা করা হবে। পরে যাত্রী চাহিদা ও বাণিজ্যিক সম্ভাবনা বিবেচনায় ফ্লাইটের সংখ্যা বাড়ানো হতে পারে বলে জানা গেছে। এর আগে অপারেশনাল ও বাণিজ্যিক নানা চ্যালেঞ্জের কারণে ২০২৫ সালের ১ জুলাই থেকে ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। সে সময় হজ ফ্লাইট পরিচালনার অতিরিক্ত চাপ, উড়োজাহাজ সংকট এবং বাণিজ্যিক বাস্তবতাকে রুটটি বন্ধের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছিল।