কুমিল্লা-১০ (লালমাই-নাঙ্গলকোট) আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া লালমাই থানার ওসি নুরুজ্জামানের বিরুদ্ধে প্রকাশ্যে অসন্তোষ জানিয়ে তাকে ‘লাল কার্ড’ দেখানোর ঘোষণা দিয়েছেন। তিনি ওসির কর্মকা-ে সন্তুষ্ট নন এবং তাকে লালমাই থানা থেকে প্রত্যাহারের জন্য পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন।
মোবাশ্বের আলম গত শনিবার রাতে লালমাই উপজেলা অডিটোরিয়ামে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন। সভায় দেওয়া তার বক্তব্যের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে এমপিকে বলতে শোনা যায়, ‘লালমাইয়ের ওসিকে আমি লাল কার্ড দেখিয়েছি। এই ওসি আমার এলাকায় থাকার প্রয়োজন নেই। তার কর্মকা- নিয়ে আমি সন্তুষ্ট নই।’
মোবাশ্বের আলম অভিযোগ করেন, ওসি নুরুজ্জামান লালমাই থানায় যোগ দেওয়ার পর থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো আইনগত ব্যবস্থা নেননি। আইন প্রয়োগের ক্ষেত্রে প্রত্যাশিত ভূমিকা না থাকায় সাধারণ মানুষের মধ্যেও প্রশ্ন তৈরি হয়েছে। এমপি আরও বলেন, এলাকায় গেলে অনেক সময় ওসিকে পাওয়া যায় না। বিভিন্ন বিষয়ে যোগাযোগের ক্ষেত্রেও প্রয়োজনীয় সহযোগিতা পাওয়া যায় না। একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তার কাছ থেকে এমন আচরণ কাম্য নয় বলেও মন্তব্য করেন তিনি। এমপি বলেন, ‘আমি ডিআইজি এবং পুলিশ সুপারের সঙ্গে কথা বলেছি। এরপরও তাকে সরানোর কোনো উদ্যোগ চোখে পড়েনি। প্রয়োজন হলে বিষয়টি জাতীয় সংসদেও উত্থাপন করব।’
এ বিষয়ে জানতে চাইলে ওসি নুরুজ্জামান কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি গণমাধ্যমের কাছে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেননি।