মাস্টার প্ল্যান উপেক্ষা করে ইউএনও দেয়াল নির্মাণ

আপডেট : ২০ জুন ২০২৬, ০৩:৩৬ পিএম

বরগুনার তালতলীতে উপজেলা পরিষদের অভ্যন্তরীণ সংস্কার ও উন্নয়ন কাজের জন্য বরাদ্দকৃত ১৪ লাখ টাকার মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাসভবনের সীমানা দেয়াল নির্মাণে ১০ লাখ টাকা বরাদ্দ দেওয়াকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়েছে। উপজেলা পরিষদ কমপ্লেক্সের চারপাশে আগে থেকেই সীমানা দেয়াল থাকা সত্ত্বেও অনুমোদিত মাস্টার প্ল্যান উপেক্ষা করে নতুন করে এ দেয়াল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

উপজেলা পরিষদ সূত্রে জানা যায়, সম্প্রতি উপজেলা পরিষদের অভ্যন্তরীণ সংস্কার ও উন্নয়ন কাজের জন্য ১৪ লাখ টাকা বরাদ্দ আসে। পরে মাসিক সমন্বয় সভায় ইউএনও মোহাম্মদ জাহিদুল ইসলাম পায়রা সম্মেলন কক্ষের উন্নয়নের জন্য ৪ লাখ টাকা এবং ইউএনও বাসভবনের সীমানা দেয়াল নির্মাণের জন্য ১০ লাখ টাকা বরাদ্দ অনুমোদন করে একটি রেজুলেশ করেন।

সূত্র আরও জানায়, প্রায় ৬ একর জমির ওপর উপজেলা পরিষদ কমপ্লেক্সটি প্রতিষ্ঠিত। এর মধ্যে প্রায় দেড় একর জমিতে পুকুর রয়েছে। অবশিষ্ট জায়গায় বিভিন্ন সরকারি দপ্তর, কর্মকর্তা-কর্মচারীদের আবাসন এবং ভবিষ্যৎ অবকাঠামো নির্মাণের জন্য স্থান নির্ধারণ করা রয়েছে। এর ভেতরে ইউএনও’র বাসভবনের জন্য বরাদ্দের চেয়ে বেশি জমি নিয়ে দেয়াল নির্মাণ করা হচ্ছে। কমপ্লেক্সটি প্রতিষ্ঠার সময়ই চারপাশে সীমানা দেয়াল নির্মাণ করা হয়েছিল।

নাম প্রকাশ না করার শর্তে উপজেলা পরিষদের একাধিক কর্মকর্তা জানান, অনুমোদিত মাস্টার প্ল্যান অনুযায়ী ভবিষ্যতে ওই এলাকায় গেজেটেড ও নন-গেজেটেড কর্মকর্তাদের আবাসিক ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে। বর্তমানে যে স্থানে দেয়াল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। সেখানে ভবিষ্যতে গেজেটেড ও নন-গেজেটেড কর্মকর্তাদের ভবন নির্মাণের প্রয়োজন হলে দেয়ালটি ভেঙে ফেলতে হতে পারে। এতে সরকারি অর্থের অপচয় হবে।

এ বিষয়ে তালতলী উপজেলা প্রকৌশলী মো. শাখাওয়াত হোসেনের  বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, ইউএনও তার বাসভবনের নিরাপত্তার জন্য দেয়াল নির্মাণ করতেই পারেন। তবে যে স্থানে দেয়াল নির্মাণ করা হচ্ছে তা উপজেলা পরিষদের অনুমোদিত মাস্টার প্ল্যানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। মাস্টার প্ল্যান অনুযায়ী ওই এলাকায় ভবিষ্যতে গেজেটেড ও নন-গেজেটেড কর্মকর্তাদের আবাসিক ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে। ওই ভবনগুলোতে যাতায়াতের রাস্তা নির্মাণ করতে হলে ভবিষ্যতে এ দেয়াল ভাঙতে হতে পারে।  তিনি আরও বলেন, ইউএনও’র বাসভবনের দেয়াল নির্মাণের জন্য প্রাক্কলন (স্টিমেট) প্রস্তুত ও টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করতে বর্তমান ইউএনও বলেছেন তাই করা হয়েছে।

তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, উপজেলা পরিষদের অভ্যন্তরীণ সংস্কার ও উন্নয়নের জন্য বরাদ্দের ১০ লাখ টাকা দিয়ে ইউএনও'র বাসভবনের নিরাপত্তার জন্য বাউন্ডারি ওয়াল, আনসারদের জন্য গার্ডরুমসহ আরও বেশ কিছু উন্নয়নমূলক কাজে ব্যয় করা হচ্ছে। এতে উপজেলা পরিষদের মাস্টার প্ল্যানের কোনো ব্যত্যয় ঘটানো হয়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত