শক্তিশালী দেশ গড়ার জন্য প্রস্তুত হতে শিক্ষার্থীদের আহ্বান প্রধানমন্ত্রীর

আপডেট : ২০ জুন ২০২৬, ০৭:৪৯ পিএম

শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি গান, বাজনা ও সংস্কৃতি চর্চার মাধ্যমে পারদর্শী হয়ে শক্তিশালী দেশ গড়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

দেশের প্রাথমিক শিক্ষার সবচেয়ে বড় ক্রীড়া প্রতিযোগিতা ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা)’র চূড়ান্ত পর্বে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শনিবার (২০ জুন) ঢাকার আর্মি স্টেডিয়ামে দেশসেরা ক্ষুদে ফুটবলারদের ফাইনাল ম্যাচ গ্যালারিতে বসে সরাসরি উপভোগ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তিনি।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল, শিশুদের জন্য খেলাধুলার ব্যবস্থা করব। শুধু ক্রিকেট নয়, ফুটবলসহ অন্যান্য খেলা দিয়েও বাংলাদেশকে সবাই চিনবে। শিশুদের মেধা বিকাশে সব ধরনের পদক্ষেপ নেবে সরকার। যে গান করতে চায়, ছবি আঁকতে চায় বা কোরআন তেলাওয়াত করতে চায়-সব ব্যবস্থা সরকার করবে।
 
শিশুদের উদ্দেশে সরকারপ্রধান বলেন, তোমরা বাংলাদেশের ভবিষ্যৎ। খেলাধুলার পাশাপাশি পড়াশোনা এবং সংস্কৃতি চর্চায় পারদর্শী হতে হবে। তাহলেই সুন্দর, শক্তিশালী বাংলাদেশ গড়তে পারব। মেসি, রোনালদো, এমবাপ্পের মতো খেলোয়াড় তোমাদের মধ্যে থেকেই তৈরি হবে। অলিম্পিকে আরও ভালো অবস্থান তৈরি করতে হবে।
 
প্রধানমন্ত্রী জানান, আগামী বছর থেকে প্রাথমিক এবং মাধ্যমিকে ‘প্রাইম মিনিস্টার'স কাপ’ চালু হবে। অ্যাম্বাসেডর হয়ে বাংলাদেশকে এগিয়ে নিতে শিশুদের প্রস্তুত হওয়ার আহ্বান জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত