ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে আজ

আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ০২:০৭ এএম

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আজ সোমবার শুরু হচ্ছে। অধিবেশন চলবে আগামী ১৮ নভেম্বর পর্যন্ত। সরকারি ছুটির দিন শুক্র ও শনিবার ছাড়া প্রতিদিন বিকেল ৪টা ২০ মিনিটে অধিবেশন বসবে।

গতকাল রবিবার জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অনুষ্ঠিত কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানসহ কমিটির সদস্যরা অংশ নেন।

বৈঠকে অধিবেশনের কার্যক্রম নিষ্পন্নের জন্য সময় বরাদ্দ ও স্থায়িত্বকাল নিয়ে আলোচনা হয়। প্রয়োজনে অধিবেশনের সময় ও কার্যদিবসসংক্রান্ত যেকোনো বিষয় পরিবর্তনের ক্ষমতা স্পিকারকে দেওয়া হয়েছে।

সংসদ সচিবালয়ের তথ্য অনুযায়ী, চতুর্থ অধিবেশনে উত্থাপনের জন্য একটি সরকারি বিল পাওয়া গেছে। এ ছাড়া তৃতীয় অধিবেশনের পর থেকে চতুর্থ অধিবেশনের আগে তিনটি অধ্যাদেশ জারি হয়েছে। এগুলো হলো পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬; মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬; এবং বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ, ২০২৬। অধ্যাদেশগুলো অধিবেশনের প্রথম বৈঠকে উপস্থাপন করা হবে।

এ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য ১৭৪টি এবং অন্য মন্ত্রীর জন্য ৩ হাজার ৫৭৭টি প্রশ্নসহ মোট ৩ হাজার ৭৫১টি প্রশ্ন পাওয়া গেছে। এ ছাড়া বিধি-৭১ অনুযায়ী মনোযোগ আকর্ষণের ৯২টি নোটিস এবং বিধি-১৩১ অনুযায়ী সিদ্ধান্ত প্রস্তাবের ২৮১টি নোটিস পাওয়া গেছে।

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদ চত্বরকে ধূমপানমুক্ত এলাকা ঘোষণার প্রস্তাব দিলে উপস্থিত সবাই তা স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করেন।

সংসদের সাউন্ড সিস্টেমের অগ্রগতি সম্পর্কে প্রধানমন্ত্রী জানতে চাইলে সংসদ সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া জানান, আগামীকাল বিকেল সাড়ে ৩টায় গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধানে সাউন্ড সিস্টেম উদ্বোধন করা হবে।

জাতীয় সংসদে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের অগ্রগতি নিয়েও বৈঠকে আলোচনা হয়। এ বিষয়ে সংশ্লিষ্ট উপকমিটির আহ্বায়ক ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল জানান, সৌরবিদ্যুৎ প্যানেলের মাধ্যমে ৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। অধিবেশন চলাকালে সংসদের বিদ্যুতের চাহিদা প্রায় ৬ মেগাওয়াট। ফলে সংসদের চাহিদা মেটানোর পর অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা যাবে। এ সময় প্রধানমন্ত্রী বিদ্যুৎ সংরক্ষণের সুবিধা রেখেই সৌরবিদ্যুৎ উৎপাদনের নির্দেশনা দেন।

এ ছাড়া ডেপুটি স্পিকার ই-পার্লামেন্ট কার্যক্রম এবং জাতীয় সংসদ সচিবালয়ের শূন্য পদে জনবল নিয়োগের সর্বশেষ অগ্রগতি কমিটিকে অবহিত করেন।

বৈঠকে বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমান, বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, এটিএম আজহারুল ইসলাম এবং বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম উপস্থিত ছিলেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত