রিয়েল-টাইম সার্ভেইল্যান্স জোরদারের নির্দেশ

আপডেট : ২২ জুন ২০২৬, ১২:৫২ এএম

স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে সার্ভেইল্যান্স (নজরদারি) ব্যবস্থা আরও শক্তিশালী করার জন্য প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) নির্দেশনা দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গতকাল রবিবার রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি ভবনে ডিএসইর সার্ভেইল্যান্স টিমের সঙ্গে বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয়। বিএসইসি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বৈঠকে উপস্থিত ছিলেন, বিএসইসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তানভীর হাবিব রহমান, কমিশনার নাহিদ মাহতাব ও মো. নাফিজ আল তারিক, নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অন্যদিকে ডিএসইর পক্ষ থেকে ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার এবং ভারপ্রাপ্ত চিফ রেগুলেটরি অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম ভূঁইয়া উপস্থিত ছিলেন।

এ সময় শেয়ারবাজারের উন্নয়ন, আধুনিকায়ন, বাজার তদারকি এবং বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষ করে বাজারে সব ধরনের অনিয়ম ও কারসাজি প্রতিরোধে কার্যকর নজরদারি ব্যবস্থার ওপর গুরুত্ব দেওয়া হয়।

বৈঠকে ডিএসইর পক্ষ থেকে সাম্প্রতিক সময়ে বাজার কারসাজি প্রতিরোধে নেওয়া বিভিন্ন পদক্ষেপ ও উদ্যোগ তুলে ধরা হয়। এ সময় বিএসইসি জানায়, একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও কার্যকর শেয়ারবাজার গড়ে তুলতে কমিশন বদ্ধপরিকর।

বাজার কারসাজি প্রতিরোধে আন্তর্জাতিক সর্বোত্তম অনুশীলন (ইন্টারন্যাশনাল বেস্ট প্র্যাকটিস) অনুসরণ করে স্টক এক্সচেঞ্জের রিয়েল-টাইম সার্ভেইল্যান্স ব্যবস্থা আরও শক্তিশালী করা এবং প্রয়োজনীয় নিয়ন্ত্রণব্যবস্থা গ্রহণের ওপর বিশেষ জোর দেওয়া হয়। এ ছাড়া বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষায় দেশের পুঁজিবাজারের সার্ভেইল্যান্স সিস্টেমের প্রযুক্তিগত উন্নয়ন ও আধুনিকায়নের বিষয়েও বিস্তারিত আলোচনা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত