বিনয়ের অবতার মেসি

আপডেট : ২২ জুন ২০২৬, ০৯:৩৯ পিএম

(সাবেক তারকা ফুটবলার আবদুল গাফফার তুলে ধরেছেন লিওনেল মেসির প্রথম বাংলাদেশ সফরের স্মৃতি)

ফুটবল ইতিহাসে অনেক বড় বড় তারকার সঙ্গে আমার দেখা হয়েছে। কেউ মাঠে অসাধারণ, কেউ ব্যক্তিত্বে অনন্য। তবে যাদের মধ্যে বিশ্বসেরা হওয়ার পরও বিনয় ও মানবিকতা অটুট থাকে, তাদের সংখ্যা খুব বেশি নয়। সেই বিরল তালিকায় নিঃসন্দেহে সবার ওপরে থাকবে লিওনেল মেসির নাম।

২০১১ সালে আর্জেন্টিনা জাতীয় দল যখন নাইজেরিয়ার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলতে ঢাকায় এসেছিল, তখন খুব কাছ থেকে মেসিকে দেখার সুযোগ হয়েছিল আমার। বিশ্বের অন্যতম সেরা ফুটবলারকে সামনে থেকে দেখার কৌতূহল ছিল সবারই। কিন্তু তাকে কাছ থেকে দেখে সবচেয়ে বেশি যেটা আমাকে মুগ্ধ করেছিল, তা হলো তার অসাধারণ বিনয়।

অনেক সময় বড় তারকাদের মধ্যে এক ধরনের দূরত্ব বা অহংকার দেখা যায়। কিন্তু মেসির মধ্যে তার লেশমাত্রও খুঁজে পাইনি। অনুশীলনের সময় তিনি ছিলেন সবচেয়ে মনোযোগী খেলোয়াড়দের একজন। প্রায়ই দেখা যেত, নির্ধারিত সময়ের আগেই মাঠে উপস্থিত হয়েছেন। নিজের প্রস্তুতি নিয়ে ব্যস্ত, কিন্তু কখনো বাড়তি প্রচারের চেষ্টা নেই। তারকা হওয়ার কোনো বাহাদুরি নেই।

ড্রেসিং রুমেও মেসিকে দেখেছি অত্যন্ত শান্ত ও সংযত একজন মানুষ হিসেবে। তিনি খুব বেশি কথা বলতেন না, তবে সবার সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ করতেন। সতীর্থদের প্রতি ছিল সম্মান, কর্মকর্তাদের প্রতিও ছিল ভদ্র ব্যবহার। কোথাও কোনো অস্থিরতা বা বিরূপ আচরণ চোখে পড়েনি। একজন বিশ্বতারকার মধ্যে এমন স্বাভাবিকতা সত্যিই বিরল।

আমার মনে হয়েছে, মেসির সাফল্যের পেছনে তার ফুটবল প্রতিভার পাশাপাশি এই ব্যক্তিত্বও বড় ভূমিকা রেখেছে। সে জানে কীভাবে নিজেকে নিয়ন্ত্রণ করতে হয়, কীভাবে দলকে গুরুত্ব দিতে হয় এবং কীভাবে জনপ্রিয়তার চাপে থেকেও সাধারণ মানুষ হয়ে থাকা যায়। এ কারণেই সে শুধু একজন মহান ফুটবলার নয়, একজন আদর্শ ক্রীড়াবিদও।

আজকের প্রজন্মের অনেক ফুটবলার মেসির খেলা দেখে অনুপ্রাণিত হয়। আমি মনে করি, তার ড্রিবলিং, গোল বা ট্রফির পাশাপাশি তার বিনয় থেকেও শিক্ষা নেওয়া উচিত। কারণ একজন খেলোয়াড়কে শুধু দক্ষতা নয়, চরিত্রও মহান করে তোলে।
ঢাকায় সেই কয়েকটি দিনের স্মৃতি এখনও আমার মনে উজ্জ্বল। বিশ্ব ফুটবলের এক কিংবদন্তিকে কাছ থেকে দেখে আমি উপলব্ধি করেছি, সত্যিকারের বড় মানুষরা নিজেদের বড় প্রমাণ করার চেষ্টা করেন না। তাদের আচরণই তাদের পরিচয় বহন করে। আর সেই কারণেই লিওনেল মেসি কোটি কোটি মানুষের হৃদয়ে শুধু একজন তারকা নন, একজন শ্রদ্ধার মানুষ হিসেবেও জায়গা করে নিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত