পর্তুগাল একাদশে রোনালদোর আল নাসর সতীর্থ, বার্নার্দো সিলভা বাদ

আপডেট : ২৩ জুন ২০২৬, ১০:২৯ পিএম

ডিআর কঙ্গোর বিপক্ষে প্রথম ম্যাচে ১-১ গোলে ড্র করে পয়েন্ট হারানোর পর, বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেই বড়সড় রদবদল আনলেন পর্তুগালের স্প্যানিশ কোচ রবার্তো মার্টিনেজ। আজ রাত ১১টায় হিউস্টনে উজবেকিস্তানের মুখোমুখি হচ্ছে পর্তুগিজরা। মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচে জয়ের খোঁজে শুরুর একাদশে দুটি বড় পরিবর্তন এনেছে দলটির থিংক ট্যাংক।

সবচেয়ে বড় চমক এসেছে আক্রমণভাগে। প্রথম ম্যাচের একাদশে থাকা ম্যানচেস্টার সিটির তারকা উইঙ্গার বার্নার্দো সিলভাকে আজ বেঞ্চে রাখা হয়েছে। তার জায়গায় শুরুর একাদশে সুযোগ পেয়েছেন জোয়াও ফেলিক্স। ফলে আজ কোনো প্রথাগত রাইট উইঙ্গার ছাড়াই মাঠে নামছে পর্তুগাল। ফরোয়ার্ড লাইনে অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গী হিসেবে থাকছেন জোয়াও ফেলিক্স ও পেদ্রো নেতো।

এদিকে রক্ষণভাগকে আরও নিরেট করতে একাদশে ফেরানো হয়েছে ম্যানচেস্টার সিটির অভিজ্ঞ সেন্ট্রাল ডিফেন্ডার রুবেন দিয়াজকে। কঙ্গোর বিপক্ষে প্রথম ম্যাচে তিনি শুরুর একাদশে ছিলেন না। দিয়াজ ফেরায় কপাল পুড়েছে তরুণ ডিফেন্ডার গঞ্জালো ইনিসিওর, আজ তাকে বসতে হচ্ছে বেঞ্চে।

মাঝমাঠ সামলানোর দায়িত্বে যথারীতি থাকছেন জোয়াও নেভাস, ভিতিনহা এবং দলের মূল চালিকাশক্তি ব্রুনো ফার্নান্দেজ। আর গোলপোস্টের নিচে ভরসা ধরে রেখেছেন দিয়াগো কস্তা।

প্রথম ম্যাচে ড্রয়ের ধাক্কা সামলে উজবেকিস্তানের বিপক্ষে পূর্ণ ৩ পয়েন্ট তুলে নিয়ে নক-আউট পর্বের রাস্তা সহজ করাই এখন রোনালদো-মার্টিনেজ জুটির মূল লক্ষ্য।

পর্তুগালের শুরুর একাদশ

দিয়াগো কস্তা (গোলরক্ষক), জোয়াও ক্যানসেলো, রুবেন দিয়াজ, রাফায়েল ভিয়েগা, নুনো মেন্ডেস, জোয়াও নেভেস, ভিতিনহা, ব্রুনো ফার্নান্দেজ, পেদ্রো নেতো, জোয়াও ফেলিক্স, ক্রিশ্চিয়ানো রোনালদো।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত