দক্ষিণ এশিয়ায় কৃষি উৎপাদন বৃদ্ধি এবং জীববৈচিত্র্য সংরক্ষণের মধ্যে ভারসাম্য রক্ষার উপায় খুঁজতে ‘দক্ষিণ এশিয়ায় কৃষির নিবিড়তা বৃদ্ধি ও জীববৈচিত্র্য সংরক্ষণ’ শীর্ষক তিন দিনব্যাপী আঞ্চলিক পরামর্শ সভা শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার সার্ক কৃষি কেন্দ্র আয়োজিত এই ভার্চুয়াল সভায় দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের বিশেষজ্ঞ, গবেষক ও নীতিনির্ধারকরা অংশগ্রহণ করছেন। সংস্থাটির পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- সভার লক্ষ্য হলো আঞ্চলিক সহযোগিতা জোরদার করা এবং খাদ্য নিরাপত্তা ও পরিবেশ সংরক্ষণ নিশ্চিত করতে টেকসই কৃষি চর্চার জন্য সুপারিশ প্রণয়ন করা। এই আঞ্চলিক পরামর্শ সভা থেকে দক্ষিণ এশিয়ায় টেকসই ফসল উৎপাদন ব্যবস্থা এবং জীববৈচিত্র্য সংরক্ষণে আঞ্চলিক সহযোগিতা ও বৈজ্ঞানিক উদ্ভাবনের মাধ্যমে কার্যকর সুপারিশ প্রণয়ন করা হবে বলে আশা করা হচ্ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ড. মো. আব্দুস সালাম, বিশেষ অতিথি ছিলেন সার্ক সচিবালয়ের পরিচালক (এআরডি ও এসডিএফ) তানভীর আহমেদ তরফদার। আলোচনায় অংশ নিয়েছেন, সার্ক কৃষি কেন্দ্রের সিনিয়র প্রোগ্রাম স্পেশালিস্ট (ক্রপস) ড. সিকান্দার খান তানভীর, মূল প্রবন্ধ উপস্থাপন করেন জীববৈচিত্র্য বিশেষজ্ঞ এবং ইউএনডিপি ও এফএও-এর আন্তর্জাতিক পরামর্শক ড. পশুপতি চৌধুরী। উদ্বোধনী বক্তব্য দেন সার্ক
কৃষি কেন্দ্রের পরিচালক ড. মো. হারুনূর রশীদ।
আব্দুস সালাম বলেন, খাদ্য নিরাপত্তা এবং জীববৈচিত্র্য সংরক্ষণকে পরস্পরবিরোধী নয়, বরং পরিপূরক লক্ষ্য হিসেবে বিবেচনা করতে হবে। গবেষণা সহযোগিতা জোরদার, তথ্যভিত্তিক নীতিনির্ধারণ এবং টেকসই কৃষি প্রযুক্তিতে অধিক বিনিয়োগের আহ্বান জানান তিনি।