কলিমউল্লাহ, জামাল উদ্দীনসহ ঢাবির ৪ শিক্ষক বরখাস্ত

আপডেট : ২৪ জুন ২০২৬, ০৭:৩৭ এএম

চারজন শিক্ষক এবং তিনজন কর্মকর্তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া একজন অধ্যাপককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডসহ পৃথক পৃথক অভিযোগে গত ২২ জুন অনুষ্ঠিত সিন্ডিকেটের সভায় এ সব সিদ্ধান্ত গৃহীত হয়। ঢাবি উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন।

সাময়িকভাবে বরখাস্তকৃত শিক্ষকরা হলেন লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ, সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আ ক ম জামাল উদ্দীন, ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম ও বাংলা বিভাগের অধ্যাপক ড. তাশরিক-ই-হাবিব। সাময়িক বরখাস্ত হওয়া শিক্ষকরা বিধি-মোতাবেক জীবন ধারণ ভাতা পাবেন।

সাময়িক বরখাস্তকৃত কর্মকর্তারা হলেন পরীক্ষা নিয়ন্ত্রক বাহালুল হক চৌধুরী, রেজিস্ট্রারের ব্যক্তিগত শাখার ডেপুটি রেজিস্ট্রার লাভলু মোল্লা ও রেজিস্ট্রার অফিসের প্রশাসন-১ শাখার সহকারী রেজিস্ট্রার (বর্তমানে লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটে) মোছাম্মৎ শারমিন জাহান।

সিন্ডিকেট সূত্রে জানা যায়, জুলাই গণঅভ্যুত্থানের সময় বিতর্কিত ভূমিকা, শিক্ষার্থীদের ‘রাজাকার’ আখ্যা দেওয়া, হুমকি প্রদানসহ বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ, সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আ ক ম জামাল উদ্দীন এবং ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়। অন্যদিকে শিক্ষক-শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ আজমল হোসেন ভূঁইয়াকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এদিকে, গান গেয়ে ভাইরাল বাংলা বিভাগের অধ্যাপক তাশরিক-ই হাবিব বিশ্ববিদ্যালয়ের মর্যাদা ক্ষুণœ করার জন্য তার সঙ্গে বিভাগের শিক্ষকরা পাঠদান কার্যক্রমে অংশ নিতে অনাগ্রহী এবং তাকে চাকরিচ্যুত করার দাবি জানিয়েছেন। তা ছাড়া, অর্থ  ছাড়া এমফিল ও পিএইচডি ডিগ্রি প্রদান না করার অভিযোগের পরিপ্রেক্ষিতে একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ঢাবি প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. আলমোজাদ্দেদী আলফেছানী বলেন, জুলাই অভ্যুত্থানকে কেন্দ্র করে তিন শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ থাকায় তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া অধ্যাপক আজমল হোসেন ভূঁইয়ার বিরুদ্ধে শিক্ষার্থীদের হুমকি দেওয়া এবং নারী শিক্ষার্থীদের পোশাক নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগে একাডেমিক কমিটির সুপারিশের ভিত্তিতে তাকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

ডাকসুর সাবেক জিএস গোলাম রব্বানীর পদ বাতিল

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ২০১৯-এর সাবেক সাধারণ সম্পাদক (জিএস) গোলাম রব্বানীর পদ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সিন্ডিকেট। গত বছরের নভেম্বরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল গোলাম রব্বানীর এমফিল প্রোগ্রামে ভর্তি যথাযথ প্রক্রিয়ায় হয়নি উল্লেখ করে তা বাতিলের সুপারিশ করে। একই সঙ্গে ২০১৯ সালের ডাকসু নির্বাচনে তার জিএস পদ অবৈধ ঘোষণারও সুপারিশ করা হয়েছিল। বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আলমোজাদ্দেদী আলফেছানী জানান, ডাকসু নির্বাচনের সময় গোলাম রব্বানীর বৈধ ছাত্রত্ব না থাকায় তার জিএস পদ বাতিলের সিদ্ধান্ত আইন উপদেষ্টার কাছে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত