দেশজুড়ে আলোচিত অ্যালবিনো জাতের মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে রাজধানীর মিরপুরের জাতীয় চিড়িয়াখানা থেকে ঢাকার অদূরে সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে (বিএলআরআই) পাঠানো হয়েছে। সেখানে মহিষটিকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। গত রবিবার প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী চিড়িয়াখানা কর্তৃপক্ষ মহিষটিকে বিএলআরআইর কাছে হস্তান্তর করে। ইতিমধ্যে বিএলআরআই মহিষটিকে পর্যবেক্ষণ ও গবেষণার লক্ষ্যে মহিষ উৎপাদন গবেষণা বিভাগের প্রধান ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা গৌতম কুমার দেবকে প্রধান করে ১৩ সদস্যের একটি কমিটি গঠন করেছে।
গৌতম কুমার দেব সাংবাদিকদের জানান, মহিষটি যেহেতু চিড়িয়াখানায় ছিল, তাই ১৪ থেকে ২১ দিন পর্যন্ত এটিকে কোয়ারেন্টাইনে রাখা হবে। এ সময়ে মহিষটি রোগমুক্ত কি না, তা নিশ্চিত করা এবং রোগমুক্ত রাখার বিষয়টিকে গুরুত্ব দেওয়া হবে। এরপর মহিষটিকে কীভাবে গবেষণায় ব্যবহার করা যায়, তা নিয়ে ভাবা হবে।
প্রসঙ্গত, গত কোরবানির ঈদের আগে নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় জিয়াউদ্দিন মৃধার মালিকানাধীন রাবেয়া অ্যাগ্রো ফার্ম থেকে কেরানীগঞ্জের জিনজিরার মনিরুজ্জামান নামে এক ব্যক্তি কেনেন। ডোনাল্ড ট্রাম্প নামের এই মহিষটি নিয়ে দেশ-বিদেশে সংবাদ প্রকাশিত হয়। এরপর ঈদের আগের দিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপে পুলিশ সেটি মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় পাঠায়।