ডেঙ্গুসহ মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে মাঠপর্যায়ের কার্যক্রম জোরদার করতে উচ্চপর্যায়ের বিশেষ টাস্কফোর্স গঠন করেছে সরকার। জাতীয় কমিটির সিদ্ধান্ত বাস্তবায়ন, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর মধ্যে সমন্বয় এবং কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণ করবে এ টাস্কফোর্স।
গতকাল মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে ‘ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধবিষয়ক জাতীয় কমিটি’-এর প্রথম সভায় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সভায় ডেঙ্গুসহ মশাবাহিত রোগপ্রতিরোধে চলমান কার্যক্রম, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রস্তুতি এবং মাঠপর্যায়ের সমন্বয় নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর ২০২৬ সালের বার্ষিক কর্মপরিকল্পনাও পর্যালোচনা করা হয়।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের নেতৃত্বে টাস্কফোর্সটি পরিচালিত হবে। তিনি এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। স্থানীয় সরকার বিভাগ আশা করছে, এ উদ্যোগের ফলে ডেঙ্গু নিয়ন্ত্রণে মাঠপর্যায়ে আরও কঠোর নজরদারি এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত কার্যক্রম নিশ্চিত হবে।
স্থানীয় সরকার বিভাগ জানিয়েছে, বিশেষ টাস্কফোর্সের প্রধান কাজ হবে জাতীয় কমিটির নেওয়া সিদ্ধান্তগুলো মাঠপর্যায়ে যথাযথভাবে বাস্তবায়ন নিশ্চিত করা। প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে দিকনির্দেশনাও দেবে টাস্কফোর্স।