বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী, উষ্ণ অভ্যর্থনা

আপডেট : ২৪ জুন ২০২৬, ০৫:১৭ পিএম

বেইজিং রেলওয়ে স্টেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান এসে পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে চীন সরকার।

স্থানীয় সময় বিকাল ৫টা ৩৫ মিনিটে তালিয়ান থেকে হাই স্পিড ট্রেনে বেইজিং চাউমিং রেলওয়ে স্টেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান চীনের কাস্টমস মন্ত্রী (জেনারেল এডমিনিস্ট্রেশন অব কাস্টমস) সান মেইজুন।

প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমান লালগালিচা দিয়ে হেটে যাওয়ার সময়ে চীনের একটি সুসজ্জিত দল গার্ড অব অনার প্রদান করে।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী এই সফরের সময়ে বেইজিংয়ে ‘দিয়াওইতই’ রাষ্ট্রীয় অতিথি ভবনে থাকবেন।

দুপুরে তালিয়ান রেলওয়ে স্টেশন থেকে হাইস্পিড ট্রেন(বুলেট ট্রেন) চড়ে বেইজিং আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সহধর্মিনী জুবাইদা রহমানসহ পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির, মাহাদী আমিন, একেএম শামসুল ইসলাম, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমানসহ তার সফর সঙ্গিরা।

চীনের প্রধানমন্ত্রী লি কুয়াং এর আমন্ত্রণে বাংলাদেশের প্রধানমন্ত্রী চার দিনের সফরে প্রথমে গত সোমবার রাতে দালিয়ান আসেন। সোমবার তিনি ওয়ার্ল্ড ইকোনমি ফোরামের বার্ষিক সম্মেলনের যোগ দেন।  

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাষ্ট্রীয় সফরের আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হবে বৃহস্পতিবার সকাল থেকে। বেইজিংয়ের গ্রেট হলে বাংলাদেশের আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানাবেন চীনের প্রধানমন্ত্রী লি কুয়াং।

প্রধানমন্ত্রী তারেক রহমান ও প্রধানমন্ত্রী লি কুয়াং এর মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক হবে এবং প্রেসিডেন্ট শি জেনপিং এর সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান স্থানীয় সময় সকাল ১০টায় ডালিয়ানে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ) আয়োজিত ‘গ্রীষ্মকালীন দাভোস’-এর বার্ষিক সম্মেলনে অংশ নেন। চীনের ডালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এটি অনুষ্ঠিত হয়।

১৭তম অ্যানুয়াল মিটিং অব দ্য নিউ চ্যাম্পিয়নসের এই আয়োজনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, গিনির প্রধানমন্ত্রী আমাদু উরি বাহ, কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলঝাস বেকতেনভ, দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী কিম মিন সেওক, মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী নিয়াম ওসর উচরাল এবং মন্টিনিগ্রোর প্রধানমন্ত্রী মিলোইকো স্পাইজিচ অংশ নেন। সম্মেলনটিতে ৯০টিরও বেশি দেশ ও অঞ্চল থেকে রাজনৈতিক, ব্যবসায়িক, শিক্ষাবিদ এবং গণমাধ্যম অঙ্গনের ১,৭০০ জনেরও অধিক প্রতিনিধি অংশগ্রহণ করেন।

গ্রীষ্মকালীন দাভোসে’ প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ বাংলাদেশের জন্য একদিকে নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ, অন্যদিকে বিভিন্ন দেশের সেরা অনুশীলন ও অভিজ্ঞতা গ্রহণের মাধ্যমে জাতীয় সক্ষমতাকে আরও সমৃদ্ধ ও শক্তিশালী করবে।

গত সোমবার (২২ জুন ২০২৬) চীনের ডালিয়ানে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত