ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ৯০০ ছাড়িয়েছে

আপডেট : ২৭ জুন ২০২৬, ০৮:৪১ এএম

ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ৯০০ ছাড়িয়েছে। ধ্বংসস্তূপ থেকে একের পর এক মরদেহ উদ্ধার করা হচ্ছে।  ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে চলছে জোর তৎপরতা।

দেশটির শীর্ষ আইনপ্রণেতা আজ সকালে জানিয়েছেন, এই ভয়াবহ দুর্যোগে এখন পর্যন্ত ৩,০০০-এরও বেশি মানুষ আহত হয়েছেন।

ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজের ভাই হোর্হে রদ্রিগেজ দেশটির ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট। শুক্রবার (২৬ জুন) তিনি জানান, সরকারি হিসাবে নিহতের সংখ্যা বেড়ে ৯২০ জন হয়েছে।

ভেনেজুয়েলায় আঘাত হানা ভূমিকম্পে নিহতদের মধ্যে দেশটির বেশ কয়েকজন ফুটবলারও রয়েছেন বলে শুক্রবার নিশ্চিত করেছে ভেনেজুয়েলার জাতীয় ফুটবল দল ও দেশটির ফুটবল ফেডারেশন (FVF)। এছাড়া, হেক্টর বেলিও নামে অন্য এক ফুটবলারের সঙ্গী তাদের শিশু সন্তানকে বাঁচাতে গিয়ে নিজে প্রাণ হারিয়েছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন ওই খেলোয়াড়।

এদিকে  যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) আশঙ্কা, এই ভূমিকম্পে নিহতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে। সরকারের পক্ষ থেকে আনুমানিক কত মানুষ নিহত হতে পারেন, সে তথ্য দেওয়া না হলেও নিখোঁজ ব্যক্তিদের তালিকা একটি ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। সেখানে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ৪৯ হাজার ৬০০ জনের নাম যুক্ত করা হয়েছে।

ভেনেজুয়েলার সরকারি হিসাব অনুযায়ী, ভূমিকম্পে ২৫০টি ভবন ধ্বংস বা বিধ্বস্ত হওয়ার নিশ্চিত খবর পাওয়া গেছে। এর মধ্যে আটটি হাসপাতাল, রেডক্রস ভবন ও ফরাসি দূতাবাস ভবন রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত