সড়কে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু

আপডেট : ২৯ জুন ২০২৬, ০৭:৫৮ এএম

ফেনীর ফুলগাজী উপজেলায় মুরগিবাহী একটি পিকআপ ভ্যানের সঙ্গে যাত্রীবাহী সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। গত শনিবার রাতে ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়কের ফুলগাজী পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ফুলগাজী উপজেলার উত্তর শ্রীপুর গ্রামের আবুল কালামের ছেলে সিএনজি চালক মোহাম্মদ কাওছার (২৭), সিএনজি যাত্রী ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নের কাজী হায়াতের স্ত্রী ওয়াহিদা আক্তার জুঁই (২০) এবং তার মা জাকিয়া আক্তার (৪২)।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, পরশুরাম থেকে ফেনীগামী একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা মুরগিবাহী একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই মোহাম্মদ কাওছার ও ওয়াহিদা আক্তার জুঁই নিহত হন। আহত অবস্থায় জাকিয়া আক্তারসহ আরও তিনজনকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় জাকিয়া আক্তারের মৃত্যু হয়।

ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলে দুজন নিহত এবং আরও কয়েকজন আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। ফুলগাজী থানার ওসি এস এম মিজানুর রহমান জানান, দুর্ঘটনাকবলিত সিএনজিচালিত অটোরিকশা ও মুরগিবোঝাই পিকআপটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত