বিশ্ব সংগীত দিবস উপলক্ষে আর্টিস্ট ক্লাব লিমিটেডের আয়োজনে অনুষ্ঠিত হলো এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক সন্ধ্যা। রাজধানীর বনানীতে অবস্থিত আর্টিস্ট ক্লাব লাউঞ্জে আয়োজিত বিশেষ অনুষ্ঠান ‘সন্ধ্যা প্রদীপ’-এ সংগীত পরিবেশন করে দেশের অন্যতম ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ঢাকা ইউনিভার্সিটি কালচারাল ফাউন্ডেশন। অনুষ্ঠানটি উপভোগ করতে উপস্থিত ছিলেন কূটনীতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিল্পী ও সংগীতপ্রেমী দর্শক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ-মার্ক সের-শারলে। বিশ্ব সংগীত দিবসের তাৎপর্য তুলে ধরে তিনি বলেন, ‘সংগীত এমন একটি সর্বজনীন ভাষা, যা সংস্কৃতি, জাতি ও ভৌগোলিক সীমারেখা অতিক্রম করে মানুষকে একত্রিত করে। বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার সাংস্কৃতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
স্বাগত বক্তব্যে আর্টিস্ট ক্লাবের সভাপতি সুজিত মুস্তাফা বলেন, ‘শিল্প-সংস্কৃতির বিকাশে আর্টিস্ট ক্লাব সবসময়ই সৃজনশীল উদ্যোগের পাশে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের
সাংস্কৃতিক আয়োজন অব্যাহত থাকবে।’ আরও বক্তব্য রাখেন আর্টিস্ট ক্লাবের সাধারণ সম্পাদক মারুফ কবির ও নির্বাহী সদস্য অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান।
অনুষ্ঠানে ঢাকা ইউনিভার্সিটি কালচারাল ফাউন্ডেশনের শিল্পীরা দর্শকদের সঙ্গে একাত্ম হয়ে পরিবেশন করেন একটি প্রাণবন্ত ও ইন্টার্যাকটিভ ‘মিউজিক্যাল মেহফিল’। দলীয় ও একক পরিবেশনার মাধ্যমে তারা বাংলা আধুনিক, লোকসংগীত, দেশাত্মবোধক এবং জনপ্রিয় বিভিন্ন গান পরিবেশন করেন। শিল্পীদের পরিবেশনা, দর্শকদের অংশগ্রহণ পুরো সন্ধ্যাকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দেয়।
অনুষ্ঠান শুরু হয় ব্যতিক্রমধর্মী পুথি পাঠের মাধ্যমে। এরপর কোরাস ‘মোরো ঝনঝার মত’ দিয়ে। পর্যায়ক্রমে জনপ্রিয় আধুনিক গান করেন নির্ঝর চৌধুরী, ইরবতি মন্ডল, আনিকা শারমিলা কৃপা। নজরুলের গান করেন শিল্পী নন্দিনী দও ধরা। পল্লী গীতি ও উকিল মুন্সীর গান করেন মাহফুজার রহমান মহব্বত। রবি ঠাকুরের গান করেন নাঈমা ইসলাম নাজ। অনুষ্ঠান শেষ হয় ‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে’ সমবেত সংগীত পরিবেশনের মাধ্যমে।