শিক্ষার্থীদের সুশিক্ষা, নৈতিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে কামারপাড়া স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হাজী মো. মোস্তফা জামান বলেছেন, শিক্ষাই হবে আগামীর বাংলাদেশ গড়ার সবচেয়ে বড় শক্তি। একজন শিক্ষার্থী শুধু ভালো ফল করলেই হবে না, তাকে আদর্শ, সৎ ও মানবিক নাগরিক হিসেবেও গড়ে উঠতে হবে।
গতকাল রবিবার রাজধানীর তুরাগের কামারপাড়া স্কুল অ্যান্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থী ২০২৬- এর বিদায় ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কলেজ মিলনায়তনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ খুরশিদ জাহান। বিশেষ অতিথি ছিলেন তুরাগ থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ খোকা, যুগ্ম আহ্বায়ক মো. জহিরুল ইসলাম, ৫৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. শফিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
মোস্তফা জামান বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। প্রযুক্তিনির্ভর এই বিশ্বে নিজেদের দক্ষ করে গড়ে তোলার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও দেশপ্রেমকে ধারণ করতে হবে। শিক্ষা কখনো কেবল পরীক্ষার ফলের মধ্যে সীমাবদ্ধ নয়; শিক্ষা মানুষকে আলোকিত করে, সমাজ ও রাষ্ট্র গঠনের শক্তি জোগায়।
অধ্যক্ষ খুরশিদ জাহান বলেন, বিদায় মানেই বিচ্ছেদ নয়; নতুন এক যাত্রার সূচনা। নিয়মিত অধ্যবসায়, সময়ের সঠিক ব্যবহার ও আত্মবিশ্বাসই ভালো ফলের মূল চাবিকাঠি।