জোয়াকিম ক্লেমেন্ট কোনো সাধারণ জ্যোতিষী বা ফুটবল পণ্ডিত নন। মূলত লন্ডনে কর্মরত একজন প্রখ্যাত জার্মান অর্থনীতিবিদ এবং গণিতবিদ। জিডিপি, জনসংখ্যা, জলবায়ু, ফিফা র্যাংকিং এবং একটি নির্দিষ্ট 'ভাগ্যের উপাদান'-এর সমন্বয়ে তৈরি করা তার গাণিতিক মডেলটি ফুটবল বিশ্বে রীতিমতো এক আতঙ্কের নাম ছিল। কারণ, বিগত তিনটি বিশ্বকাপের (২০১৪ সালে জার্মানি, ২০১৮ সালে ফ্রান্স এবং ২০২২ সালে আর্জেন্টিনা) হুবহু সঠিক চ্যাম্পিয়ন অনুমান করে তিনি ১০০% নির্ভুলতার রেকর্ড ধরে রেখেছিলেন।
কিন্তু ২০২৬ বিশ্বকাপে এসে এই জার্মান অর্থনীতিবিদের জটিল গাণিতিক সমীকরণ ও অহংকার ওলটপালট করে দিয়েছে লাতিন আমেরিকার সাম্বা জাদু।
রাউন্ড অব ৩২-এর আগে জোয়াকিম ক্লেমেন্ট তার ভবিষ্যদ্বাণীতে দাবি করেছিলেন, এই রাউন্ডেই শক্তিশালী জাপানের কাছে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে যাবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। তার যুক্তি ছিল, ব্রাজিলের বর্তমান প্রজন্ম তাদের সেরা ছন্দে নেই এবং জাপানের ট্যাকটিক্যাল ডিসিপ্লিন ব্রাজিলকে বধ করার জন্য যথেষ্ট।
হিউস্টনের মাঠে ম্যাচের ২৯ মিনিটে জাপানের কাইশু সানো গোল করে এশিয়ান পরাশক্তিদের এগিয়ে নিলে প্রথমার্ধ শেষে এই জার্মান কৌশলবিদের ডাটা মডেলটিকেই সত্য মনে হচ্ছিল। কিন্তু দ্বিতীয়ার্ধে ক্যাসেমিরো এবং ইনজুরি টাইমে গ্যাব্রিয়েল মার্তিনেল্লির গোলে ব্রাজিল ২-১ ব্যবধানে দুর্দান্ত এক কামব্যাক জয় ছিনিয়ে নেয়।
ইনজুরি থেকে সদ্য ফেরা ব্রাজিলের পোস্টার বয় নেইমার জুনিয়র এই ম্যাচে মাঠে না নামলেও, ড্রেসিংরুমে বসে ক্লেমেন্টের এই ডাটানির্ভর ভবিষ্যদ্বাণীর কথা ভুলে যাননি। ম্যাচ শেষ হওয়ার মাত্র কয়েক মিনিটের মাথায় নেইমার তার অফিসিয়াল এক্স (টুইটার) হ্যান্ডেলে পর্তুগিজ ভাষায় সরাসরি খোঁচা দিয়ে লেখেন:
“জনাব জোয়াকিম ক্লেমেন্ট… অনুগ্রহ করে আগামী বিশ্বকাপে চেষ্টা করবেন।''
ব্রাজিলিয়ান ভক্তদের মাঝে এই পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। কিন্তু নেইমারের আক্রমণ এখানেই শেষ হয়নি।
ক্লেমেন্টের ২০২৬ বিশ্বকাপের মডেলটি শুধু ব্রাজিলের বিদায়ই নয়, বরং ভবিষ্যদ্বাণী করেছিল যে এবার পর্তুগালকে হারিয়ে নেদারল্যান্ডস তাদের ইতিহাসের প্রথম বিশ্বকাপ ট্রফিটি উঁচিয়ে ধরবে।
কিন্তু কাকতালীয়ভাবে, একই দিনে ডাচরা মরক্কোর কাছে টাইব্রেকারে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয়। এই জার্মান অর্থনীতিবিদের চ্যাম্পিয়ন প্রেডিকশন এভাবে ভেঙে পড়ার পর নেইমার নিজের আগের পোস্টের নিচে আবারও কমেন্ট করেন—'তুমি আবারও ভুল করলে'।
ফুটবল যে কেবল খাতা-কলমের পরিসংখ্যান, জিডিপি বা কোনো কম্পিউটারের অ্যালগরিদমে চলে না—নেইমারের এই খোঁচা এবং ব্রাজিলের মাঠের লড়াই আজ সেটাই প্রমাণ করল।
নেইমারকে কেনো খেলানো হলো না রহস্য ফাঁস করলেন আনচেলত্তি