জয়পুরহাটে দুটি চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

আপডেট : ৩০ জুন ২০২৬, ০৫:০৭ পিএম

জয়পুরহাটে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে দুটি চোরাই মোটরসাইকেলসহ পেশাদার চোর চক্রের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২৯ জুন) দিবাগত রাতে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার (৩০ জুন) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক মোহাম্মদ আসাদুজ্জামান।

গ্রেপ্তারকৃতরা হলেন— বগুড়ার আদমদীঘি উপজেলার উথাইল গ্রামের মো. সাইদুল কাজীর ছেলে মো. রবিউল ইসলাম (২৪), জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মালঞ্চা ফকিরপাড়ার মো. আতোয়ার হোসেনের ছেলে মো. নাদিম (২৫) এবং একই উপজেলার নাকুলগাছি গ্রামের মো. মোবারক হোসেনের ছেলে মো. সোহেল রানা (৩১)।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকস দল বিশেষ অভিযান পরিচালনা করে এই তিন পেশাদার চোরকে গ্রেপ্তার করে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পাঁচবিবি উপজেলার বালিঘাটা লতিফপুর (লতিরহাট) এলাকা থেকে একটি কালো রঙের ‘ডিসকভার ১১০ সিসি’ এবং মালঞ্চা এলাকা থেকে একটি লাল রঙের ‘অ্যাপাচি আরটিআর ১৫০ সিসি’ চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক মো. আসাদুজ্জামান বলেন, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মোটরসাইকেল চুরির সাথে জড়িত। তারা একটি সংঘবদ্ধ পেশাদার চোর চক্রের সক্রিয় সদস্য। উদ্ধারকৃত মোটরসাইকেল ও গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত তিনজনের বিরুদ্ধে বিভিন্ন থানায় প্রায় দুই ডজন (২৪টি) মামলা রয়েছে। এছাড়া এই চোর চক্রের সাথে জড়িত অন্য সদস্যদের ধরতেও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত