স্পাইডারম্যানের জালে বন্দি মেসি!

আপডেট : ০১ জুলাই ২০২৬, ১২:৩২ এএম

২০২৬ ফিফা বিশ্বকাপের মাঠ মাতাচ্ছেন লিয়োনেল মেসি। তবে এবার কেবল ফুটবল মাঠেই নয়, মাঠের বাইরে হলিউডের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘স্পাইডারম্যান’-এর দুনিয়ায় আচমকা হাজির হয়ে নেটদুনিয়া কাঁপিয়ে দিলেন আর্জেন্টিনা অধিনায়ক।

আগামী জুলাইয়ের শেষে বিশ্বজুড়ে মুক্তি পেতে যাচ্ছে মার্ভেল মহাবিশ্বের নতুন সিনেমা 'স্পাইডারম্যান: ব্র্যান্ড নিউ ডে’। আর এই সিনেমারই একটি বিশেষ প্রমোশনাল ভিডিও বা স্পটে হলিউড তারকা টম হল্যান্ডের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন মেসি।

ভিডিওর শুরুতে দেখা যায় পিটার পার্কারের চরিত্রে থাকা টম হল্যান্ড একটি বারে বসে ফোনে কথা বলছেন। এমন সময় হুট করেই সেখানে মেসির এন্ট্রি। মেসিকে দেখে চমকে যান হল্যান্ড এবং ফোন কেটে দিয়ে জিজ্ঞেস করেন, "তুমি কি মেসি? এখানে কী করছ? স্পাইডারম্যানকে খুঁজছ?"

স্পাইডারম্যানের সেটে লিওনেল মেসি

মেসি ‘হ্যাঁ’ সূচক জবাব দিতেই টম হল্যান্ড দ্রুত স্পাইডারম্যানের লাল-নীল স্যুট পরে হাজির হন। এরপর তিনি মেসিকে জিজ্ঞেস করেন, "তোমার কি উচ্চতাভীতি (উঁচু জায়গায় ভয়) আছে?" মেসি প্রশ্নটি ঠিকমতো বুঝে ওঠার আগেই স্পাইডারম্যান তাঁর কোমরে হাত দিয়ে জাল ছুড়ে নিউ ইয়র্ক শহরের বহুতল ভবনগুলোর ওপর দিয়ে উড়াল দেয়! আর হুট করে শূন্যে ভেসে উঠে স্পাইডারম্যানকে জড়িয়ে ধরে ভয়ে চিৎকার করতে থাকেন লিয়োনেল মেসি।

ফুটবল, রসবোধ আর পপ সংস্কৃতির এই অনবদ্য ফিউশন ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আসতেই তা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গেছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত