দুর্নীতির মামলা: বেনজিরের বিরুদ্ধে আরও ৬ জনের সাক্ষ্য 

আপডেট : ০১ জুলাই ২০২৬, ১০:০৮ পিএম

দুর্নীতির মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিরুদ্ধে আরও ছয়জনের সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত। গতকাল বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-৫-এ সাক্ষীরা সাক্ষ্য দেন। বিচারক আবদুল্লাহ আল মামুন সাক্ষ্য গ্রহণ শেষে পরবর্তী শুনানির জন্য আগামী ১৬ জুলাই দিন ধার্য করেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) এ মামলায় মোট ২৮ জন সাক্ষীর মধ্যে এ পর্যন্ত ১৪ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। 
 

বুধবার (১ জুলাই) যারা সাক্ষ্য দিয়েছেন তারা হলেন- নারায়ণগঞ্জের জেলা রেজিস্ট্রার মো.  আবদুল হাফিজ, চাঁদপুরের হাজীগঞ্জের সাব রেজিস্ট্রার এস এম মোস্তাফিজুর রহমান, নওগাঁর মহাদেবপুরের সাব-রেজিস্ট্রার রফিকুল ইসলাম, ভোলার চরফ্যাশনের সাব-রেজিস্ট্রার কাওসার খান, বন অধিদপ্তরের উপপরিচালক মো. আবদুস সালাম এবং ঢাকার বাড্ডার সাব-রেজিস্ট্রার জাহাঙ্গীর আলম।

২০২৪ সালের ১৫ ডিসেম্বর দুদকের বেনজিরের বিরুদ্ধে এ মামলা করে। তদন্ত শেষে গত বছরের ৩০ নভেম্বর অভিযোগপত্র দেয় দুদক। এতে বেনজিরের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূতভাবে ১১ কোটি ৪ লাখ ৪৩ হাজার ৫৭৬ টাকার সম্পদ  অর্জনের অভিযোগ আনা হয়। গত ৮ মার্চ  অভিযোগপত্র আমলে নিয়ে বেনজীরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে  আদালত। পলাতক বেনজিরের বিরুদ্ধে গত ৩ মে অভিযোগ গঠন করে তাঁর অনুপস্থিতিতে মামলার বিচার শুরুর আদেশ হয়। প্রসঙ্গত, ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে গত ১২ জুন বেনজিরকে গ্রেপ্তার করে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের পুলিশ। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত