পার্বতীপুরে সাবেক পৌর চেয়ারম্যান এমএ ওহাবকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আপডেট : ০৪ জুলাই ২০২৬, ১২:৪৭ পিএম

দিনাজপুরের পার্বতীপুরের বর্ষীয়ান রাজনৈতিক ব্যক্তিত্ব, বীর মুক্তিযোদ্ধা, সাবেক পৌর চেয়ারম্যান, শিক্ষানুরাগী ও সমাজসেবক এম এ ওহাব সরকারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। শুক্রবার (৩ জুলাই) বিকেল সাড়ে ৫টায় পার্বতীপুর শহীদ ময়দানে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতারা, জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা ও সর্বস্তরের বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।

সাবেক এই পৌর চেয়ারম্যানকে রাষ্ট্রীয় সম্মান হিসেবে গার্ড অব অনার প্রদান করা হয়। গার্ড অব অনার প্রদান করেন পার্বতীপুরের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.মাহমুদ হুসাইন রাজু। এসময় পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদসহ পুলিশের একটি চৌকস দল উপস্থিত থেকে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করেন। রাষ্ট্রীয় সম্মাননা শেষে  আরও একবার জানাজা শেষে তাকে পার্বতীপুর শহরের নামাপাড়া কবরস্থানে দাফন করা হয়।

গত ২ জুলাই রাত পৌনে ১১টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় এম এ ওহাব সরকার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

এমএ ওহাব সরকার দীর্ঘ ২৫ বছর পার্বতীপুর পৌরসভার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তার মৃত্যুতে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গন তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত