স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘তিস্তা মহাপরিকল্পনা যেকোনো মূল্যে বাস্তবায়ন করা হবে। এর মাধ্যমে তিস্তাপাড়ের মানুষের উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে।’ গতকাল শনিবার বিকেলে লালমনিরহাটের এম টি হোসেন ইনস্টিটিউট মাঠে সামাজিক সংগঠন ‘আলোকিত লালমনিরহাট’র আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে তিনি এ কথা বলেন।
সমাবেশে প্রধানমন্ত্রীর উন্নয়ন পরিকল্পনার কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন। ইতিমধ্যে এর প্রাথমিক রূপরেখা ও কার্যক্রম শুরু হয়েছে এবং দ্রুততম সময়ের মধ্যে মূল কাজ শুরু হবে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘আলোকিত লালমনিরহাট’র সভাপতি ও লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদুল হক প্রধান। এতে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।