রাজধানীর গুলিস্তানে ফুলবাড়িয়া বিআরটিসি কাউন্টারের সামনে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ছুরিকাঘাতে মো. কবির আহমেদ (৪৫) নামে এক জামায়াত নেতা গুরুতর আহত হন। তিনি গুলিস্তান শপিং মার্কেট ইউনিট জামায়াতের সভাপতি এবং পেশায় মোবাইল পার্টস ব্যবসায়ী। গতকাল শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহতাবস্থায় কবিরকে সন্ধ্যা ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে সেখানে চিকিৎসাধীন।
ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সহকারী প্রচার সম্পাদক আব্দুস সাত্তার সুমন বলেন, বিএনপির সন্ত্রাসীরা দীর্ঘদিন ধরে রাজধানীর গুলিস্তান এলাকায় চাঁদাবাজি ও দখলবাজি অব্যাহত রেখেছে। কিছু দিন আগে তারা তালাবদ্ধ করে মার্কেটের নিয়ন্ত্রণ নিতে চায়। তখন সাধারণ ব্যবসায়ীদের অনুরোধে পাশে দাঁড়ায় জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দ। স্থানীয় জামায়াত ফুলবাড়িয়ায় চাঁদাবাজি ও দখলবাজির বিরুদ্ধে একটি বিক্ষোভ মিছিল আহ্বান করে।