পড়াশোনার খরচ বহনের জন্য অনেক শিক্ষার্থীই পার্টটাইম চাকরি করতে চান। এ ধরনের চাকরির সুবিধা হলো পুরোদস্তুর চাকরির মতো দীর্ঘসময় অফিসে উপস্থিত হতে হয় না কিন্তু পড়াশোনা ও জীবনযাপনের ব্যয় নির্বাহের জন্য পর্যাপ্ত অর্থ উপার্জন করা যায়। উপরন্তু পড়াশোনা শেষে পেশাজীবনে এই চাকরির অভিজ্ঞতা জীবনবৃত্তান্তে যুক্ত করে চাকরিপ্রাপ্তির দৌড়ে এগিয়ে থাকা যায়। তবে সব পেশায় পার্টটাইম চাকরির সুবিধা থাকে না। পার্টটাইম চাকরির সুবিধা আছে এমন কয়েকটি কর্মক্ষেত্র নিয়ে আজ আলোচনা করব।
কোচিং সেন্টার
অর্থ উপার্জনের জন্য অধিকাংশ শিক্ষার্থীরই প্রথম পছন্দ টিউশনি করা। কিন্তু টিউশনি করে অর্থ উপার্জিত হলেও এই অভিজ্ঞতা জীবনবৃত্তান্তে যুক্ত করা যায় না। যারা পড়াতে পছন্দ করেন টিউশনির এই বাস্তব সমস্যা উপলব্ধি করে টিউশনি করতেও চান না তাদের জন্য কোচিং সেন্টার হতে পারে একটি ভালো সমাধান। কোচিং সেন্টারে শিক্ষার্থীদের পার্টটাইম চাকরির সবচেয়ে বেশি সুবিধা আছে। রাজধানীসহ প্রায় সব বিভাগীয় ও জেলা শহরে একাডেমিক ও ভর্তি কোচিং সেন্টার রয়েছে যেখানে মৌখিক ও লিখিত পরীক্ষার মাধ্যমে শিক্ষক নিয়োগ দেওয়া হয়।
সংবাদপত্র ও অনলাইন পোর্টাল
শিক্ষাজীবনেই পার্টটাইম চাকরির সুযোগ দিয়ে থাকে অনেক সংবাদপত্র ও অনলাইন পোর্টাল। অনেক গণমাধ্যম নিউজরুম এডিটর, গ্রাফিক্স ডিজাইনার, এডিটোরিয়াল অ্যাসিস্টান্ট, কন্ট্রিবিউটর প্রভৃতি পদে পার্টটাইম চাকরির জন্য আবেদনপত্র আহ্বান করে থাকে। আবেদনপত্র আহ্বানের পরিপ্রেক্ষিতে সেসব গণমাধ্যমে যোগাযোগ করতে পারেন।
কনটেন্ট রাইটিং ও কপিরাইটিং
বাংলা ও ইংরেজিতে লেখার দক্ষতা থাকলে ই-কমার্স প্রতিষ্ঠান ও বিজ্ঞাপনী সংস্থায় কনটেন্ট রাইটার ও কপিরাইটার হিসেবে পার্টটাইম চাকরির সুযোগ পাওয়া সম্ভব। চাহিদা অনুযায়ী ফেসবুক পোস্টের ক্যাপশন লেখা, ওয়েবসাইটের জন্য ব্লগ বা পণ্যের বিবরণ লেখা, বিজ্ঞাপন চিত্রের স্ক্রিপ্ট লেখা ও প্রয়োজনীয় গবেষণার জন্য প্রতিষ্ঠানগুলো এ ধরনের নিয়োগ দিয়ে থাকে।
সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট
স্টার্টআপ থেকে শুরু করে বড় বড় ব্র্যান্ড, সবাই এখন প্রচলিত মাধ্যমের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমসহ অন্যান্য ডিজিটাল মাধ্যমে পণ্যের প্রচার-প্রচারণা চালায়। এর জন্য প্রয়োজন তথ্যপ্রযুক্তির জ্ঞানসম্পন্ন দক্ষ জনবল। এই কাজ অফিসে উপস্থিত না থেকেও করা সম্ভব বলে প্রতিষ্ঠানগুলো পার্টটাইম ভিত্তিতে জনবল নিয়োগ দিয়ে থাকে।
ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি
বিয়ে, জন্মদিন, অ্যানিভারসারি বা অন্য কোনো বিশেষ দিনকে ধরে রাখতে বর্তমানে অনেকেই ফটোগ্রাফার ও ভিডিওগ্রাফারের সাহায্য নেন। সপ্তাহ বা পাশের নির্দিষ্ট দিনে এ ধরনের অনুষ্ঠানের বেশি চাপ থাকে বলে এজেন্সিগুলো পার্টটাইম ভিত্তিতে ফটোগ্রাফার ও ভিডিওগ্রাফার নিয়োগ দিয়ে থাকে। সপ্তাহে এক বা দুদিন চাকরি করে বেশ বড় অঙ্কের অর্থ উপার্জন করা সম্ভব এই সেক্টরে।
গ্রাফিক্স ডিজাইন ও ভিডিও এডিটিং
ডিজিটাল কনটেন্টের প্রচুর চাহিদার কারণে বর্তমান বাজারে গ্রাফিক্স ডিজাইনার ও ভিডিও এডিটরের ব্যাপক চাহিদা রয়েছে। এ ক্ষেত্রে দক্ষতা থাকলে সহজেই গ্রাফিক্স ডিজাইনার বা ভিডিও এডিটর হিসেবে পার্টটাইম চাকরি পাওয়া সম্ভব।
ট্যুর গাইড
যদি ঘুরতে পছন্দ করেন আর প্রয়োজনীয় যোগাযোগ দক্ষতা থাকে তাহলে ট্যুর গাইড হিসেবে পার্টটাইম চাকরি করতে পারেন। বছরের নির্দিষ্ট কিছু সময়ে দর্শনার্থীর সংখ্যা অত্যন্ত বৃদ্ধি পাওয়ায় ট্রাভেল এজেন্সিগুলো সে সময়ে পার্টটাইম নিয়োগ দিয়ে থাকে। দেশি-বিদেশি ট্রাভেল এজেন্সিগুলোর সঙ্গে আগে থেকেই আগ্রহ জানিয়ে সিভি দিয়ে রাখলে পেতে পারেন এই সেক্টরে পার্টটাইম চাকরির সুযোগ।