চট্টগ্রামের কর্ণফুলী নদীতে অভিযান চালিয়ে ৩ হাজার ৪০০ লিটার চোরাই ডিজেলসহ সংঘবদ্ধ চক্রের তিনজনকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ। এ সময় চোরাই কাজে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করা হয়।
রবিবার (৫ জুলাই) সন্ধ্যায় কর্ণফুলী নদীর চট্টগ্রাম বন্দরের মাঝির ঘাট নারিকেলতলা এলাকায় এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মোহাম্মদ সুফিয়ান (৩০), মোহাম্মদ হোসেন (৩২) ও হাসমত আলী (৩৪)।
সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, কর্ণফুলী নদীর বিভিন্ন উৎস থেকে অবৈধভাবে ডিজেল সংগ্রহ করে তা বিক্রি করছে একটি সংঘবদ্ধ চক্র। পরে অভিযান চালিয়ে মাঝির ঘাট এলাকা থেকে ২০ ড্রামে ৩ হাজার ৪০০ লিটার চোরাই ডিজেল জব্দ করা হয়। এ সময় ওই চক্রে জড়িত তিনজনসহ চোরাই তেল বহনে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত নৌকা আটক করা হয়।
নৌ পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, সংঘবদ্ধ এই চক্রটি দীর্ঘদিন ধরে কর্ণফুলী নদী ও আশপাশের ঘাট এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে চোরাই ডিজেল ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
ফিল্ডিংয়ে বাংলাদেশ, খেলছেন না লিটন