বিশ্বকাপের নকআউট পর্বে নরওয়ের সঙ্গে হেরে বিদায় নিয়েছে ফুটবল পরাশক্তি ব্রাজিল। এ ঘটনায় বাংলাদেশের ব্রাজিল ভক্তরাও বিষণ্ণ। তবে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার রতন (২১) হয়তো একটু বেশিই ভেঙে পড়েছিলেন। কষ্ট আর কটাক্ষ সইতে না পেরে বেছে নিয়েছেন ‘আত্মহত্যা’র পথ।
সোমবার (৬ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার কয়া ইউনিয়নের ঘোড়াইঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রতন ওই এলাকার হোসেন মিস্ত্রির ছেলে। তিনি পেশায় একজন শ্রমিক ছিলেন। পরিবারের দাবি, প্রিয় দল ব্রাজিলের পরাজয় এবং তা নিয়ে কটাক্ষের কারণে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।
এ খবর শুনে বিষণ্ণ হয়েছে জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর মন। তিনি নিজেও একজন ব্রাজিল সমর্থক। আজ মঙ্গলবার (৭ জুলাই) ভ্যারিফায়েড ফেসবুক পেজে বিষয়টি নিয়ে বার্তা দিয়েছেন অভিনেতা। অনুসারীদের বোঝানোর চেষ্টা করেছেন, ফুটবল শুধুই একটা খেলা। এটাকে জীবনের চেয়ে বড় করে দেখার কিছু নেই।
অপূর্ব তার বার্তায় লিখেছেন, ‘ব্রাজিল হারায় কুষ্টিয়ার একটা ছেলে সুইসাইড করেছে, রেখে গেছে দুই মাসের শিশুসন্তান। এই নিউজটা দেখে ভীষণ কষ্ট পেয়েছি। আপনারা খেলাকে বিনোদন হিসেবে নিন। এখানে হার জিত থাকবেই। প্রিয় দল জিতলে ভালো লাগবে, হারলে খারাপ লাগবে। তবে সেটা জীবনের থেকে যেন বড় না হয়। কারন দিনশেষে এটা শুধুমাত্র একটা খেলা।’
খেলার সঙ্গে স্বাভাবিকভাবেই ট্রল বা কটাক্ষ জড়িত। তবে সেটাও যেন মাত্রাতিরিক্ত না হয়। অপূর্বর ভাষ্য, ‘ট্রল খেলার অংশ। তবে অতিরিক্ত ট্রল, অপমান বা হেয় করাটাও বন্ধ করুন। আপনার কাছে এটা মজা হতে পারে, কিন্তু অন্য কারো জন্য সেটা মানসিকভাবে অনেক কষ্টের কারণ হতে পারে।’
সবশেষে অনুসারীদের পরামর্শ দিয়ে অপূর্ব লিখেছেন, ‘একটা দল হারলে আবার জিতবে, আজ ট্রফি না পেলে সামনে আবার পাবে। কিন্তু একটা জীবন চলে গেলে সেটা আর ফিরে আসে না।’
৩৩০ মিলিমিটার বৃষ্টিতে ডুবল চট্টগ্রাম: শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ