চাঁপাইনবাবগঞ্জ

বিএসএফের পুশইনের শিকার চার ভারতীয় দেশে ফিরে গেলেন

আপডেট : ০৯ জুলাই ২০২৬, ০৭:১৬ এএম

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশইনের শিকার হয়ে চাঁপাইনবাবগঞ্জ পুলিশের হাতে আটক শিশুসহ চার ভারতীয় নাগরিক ট্রাভেল পাসের মাধ্যমে অবশেষে নিজ দেশে ফিরে গেছেন। গতকাল বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে তারা ভারতে যান। এ সময় রাজশাহীতে ভারতের সহকারী হাইকমিশনার এবং বিজিবি ও বিএসএফের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ফিরে যাওয়া চারজন হলেন পশ্চিমবঙ্গের বীরভূম জেলার মুরারাই থানার ধৃতরা গ্রামের বাসিন্দা দানিস শেখ, সুইটি বিবি, কুরবান শেখ ও ইমাম দেওয়ান। বিষয়টি নিশ্চিত করে সোনামসজিদ ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ জামিরুল ইসলাম জানান, ট্রাভেল পাসের মাধ্যমে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে চার ভারতীয় নাগরিককে ভারতে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

জানা গেছে, ২০২৫ সালের জুন মাসে কুড়িগ্রাম সীমান্ত দিয়ে দুই শিশুসহ ছয় ভারতীয় নাগরিককে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেয় বিএসএফ। পরে তারা বিভিন্ন এলাকায় ঘুরে চাঁপাইনবাবগঞ্জের আলীনগর এলাকায় আশ্রয় নিলে পুলিশ তাদের আটক করে। প্রায় তিন মাস কারাভোগের পর তারা জামিনে মুক্তি পান। এর আগে গত ডিসেম্বর মাসে একই পরিবারের অন্তঃসত্ত্বা সোনালী বিবি ও তার শিশুপুত্রকে ভারত ফেরত নিলেও বাকি চারজনকে নিতে অস্বীকৃতি জানায়। দীর্ঘ এক বছর পর আইনি জটিলতা কাটিয়ে নিজ দেশে ফিরে যাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেন পুশইনের শিকার ওই চার ভারতীয় নাগরিক। এ সময় তারা দুই দেশের সরকারের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত