বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দায়িত্ব নেওয়ার একদিনের মধ্যেই বিতর্কের মুখে পড়েছেন ডা. এস এম মনিরুজ্জামান শাহীন। ‘জুলাই আন্দোলনবিরোধী’ অভিযোগ তুলে তাকে দপ্তর থেকে বের করে দিয়ে কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছেন বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজের একদল শিক্ষার্থী। গতকাল বুধবার দুপুরে বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ে এ ঘটনা ঘটে।
জানা গেছে, গত রবিবার ডা. মনিরুজ্জামান শাহীনকে বরিশাল বিভাগের স্বাস্থ্য পরিচালক হিসেবে পদায়ন করা হয়। তিনি মঙ্গলবার সকালে নতুন কর্মস্থলে যোগদান করলেও কিছু সময় পর কার্যালয় ত্যাগ করেন। পরে নিজেদের জুলাই আন্দোলনের অংশগ্রহণকারী পরিচয় দেওয়া কয়েকজন শিক্ষার্থী পরিচালকের কক্ষে তালা ঝুলিয়ে বিক্ষোভ শুরু করেন। পরদিন বুধবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি দপ্তরে আসেন। দুপুরে ড্যাবের বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ শাখার সভাপতি ডা. নজরুল ইসলাম সেলিমসহ কয়েকজন শিক্ষার্থী তার কক্ষে প্রবেশ করে পদত্যাগ বা কক্ষ ত্যাগের দাবি জানান। পরে আরও শিক্ষার্থী সেখানে জড়ো হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে দুপুর প্রায় ২টা ২০ মিনিটে ডা. মনিরুজ্জামানকে কক্ষ থেকে বের করে দেওয়া হয় এবং তার অফিসে তালা লাগিয়ে দেওয়া হয়।
ডা. নজরুল ইসলাম সেলিমের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের সময় তাদের প্রশাসনিক সুবিধা ও পদোন্নতিতে বৈষম্য করা হলেও ডা. মনিরুজ্জামান তখন বিভিন্ন সুযোগ-সুবিধা ভোগ করেছেন।
ডা. এস এম মনিরুজ্জামান অভিযোগ অস্বীকার করে বলেন, ছাত্রজীবনে তিনি ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং বর্তমানে ড্যাবের রাজনীতি করেন। জুলাইয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালন করতে বাধ্য হয়েছেন।