নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, নির্বাচন পর্যবেক্ষণসংক্রান্ত অনেক সুপারিশ পাওয়া গেছে। এসব পরীক্ষা-নিরীক্ষা ও আলোচনা করে স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হবে। তবে সব সুপারিশ পর্যালোচনা করে সামনের নির্বাচনে সংস্কার অগ্রাধিকার ও বাস্তবায়নে চেষ্টা করা হবে। গতকাল বুধবার রাজধানীর একটি হোটেলে নির্বাচন পর্যবেক্ষণসংক্রান্ত সুপারিশ, সংস্কারের অগ্রাধিকার এবং বাস্তবায়নসংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আয়োজিত এক সংলাপের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। স্থানীয় পর্যবেক্ষক, সিভিল সোসাইটি অর্গানাইজেশন, নির্বাচন কর্মকর্তাসহ অর্ধশতাধিক প্রতিনিধি নিয়ে ‘ইউরোপিয়ান পার্টনারশিপ ফর ডেমোক্রেসি (ইপিডি) এবং দি ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেক্টোরাল সিস্টেমসের (আইএফইএস) যৌথ উদ্যোগে দুদিনের এ সংলাপ অনুষ্ঠিত হচ্ছে।
সানাউল্লাহ বলেন, ‘নির্বাচনের আগে-পরে অবজার্ভ গ্রুপ ও অংশীজনদের মতামত নিয়েছি। সবার সহযোগিতা পেয়েছি। এ সংলাপের মাধ্যমে নির্বাচন কীভাবে আরও অন্তর্ভুক্তিমূলক করা যায়, সে সুপারিশ আসবে আশা করি। গণতন্ত্রের উত্তরণে এটি চলমান প্রক্রিয়া।’
তিনি বলেন, গত ১২ ফেব্রুয়ারি নির্বাচনের পর যেসব সুপারিশ এসেছে, তা আমরা মূল্যায়ন করছি, যাতে এ ধারাবাহিকতা এগিয়ে নিতে পারি। আগামী দুদিন অংশীজন সংলাপে পাওয়া সুপারিশও আমরা কাজে লাগাব। সামনে স্থানীয় নির্বাচন রয়েছে, সবার সহযোগিতা কামনা করি।