হালান্ডের নামে নামকরণ
বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সে ভক্তদের মন জয় করেছেন নরওয়ের স্ট্রাইকার আর্লিং হালান্ড। তার জনপ্রিয়তার প্রভাব পড়েছে দক্ষিণ আমেরিকার দেশ পেরুতেও। দেশটির জাতীয় পরিচয় নিবন্ধন কর্র্তৃপক্ষের (রেনিয়েক) তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ৪৬৮ জন নবজাতকের নাম রাখা হয়েছে হালান্ড। এ ছাড়া ৯১ জনের পুরো নাম নিবন্ধিত হয়েছে ‘আর্লিং হালান্ড’ হিসেবে। ইংল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের আগে বিশ্বকাপে চার ম্যাচে ৭ গোল করেন তিনি। নরওয়েকে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে তোলেন ২৫ বছর বয়সী এই তারকা।
বিক্রি হবে ঘাস
২০২৬ বিশ্বকাপের ফাইনাল শেষে ম্যাচে ব্যবহৃত মাঠের ঘাস স্মারক হিসেবে বিক্রি করবে ফিফা। চারটি ক্যাটাগরিতে এসব স্মারক বিক্রি করতে তারা। সবচেয়ে দামি প্যাকেজের মূল্য ৩ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৩ লাখ ৭০ হাজার টাকা। এতে ৯ বর্গইঞ্চি ঘাসের টুকরার পাশাপাশি থাকবে প্রতীকী ফাইনাল ম্যাচের টিকিট, ক্ষুদ্র বিশ্বকাপ বল ও ক্রিস্টালের ট্রফি। অন্য প্যাকেজগুলোর দাম ৪৫০, ৯০০ ও ১,২০০ ডলার। প্রতিটি ক্যাটাগরিতে ২ হাজার ২৬টি স্মারক বিক্রি হবে। এ উদ্যোগ থেকে ১ কোটি ১০ লাখ মার্কিন ডলার আয়ের পরিকল্পনা করেছে ফিফা।
ম্যারাডোনা-বল নিলামে
ফুটবল ইতিহাসের অন্যতম বিখ্যাত স্মারক, দিয়েগো ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের বল নিলামে উঠছে। ১৯৮৬ বিশ্বকাপের ইংল্যান্ড-আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালে ব্যবহৃত এই বলের আনুমানিক মূল্য ধরা হয়েছে ১০ মিলিয়ন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১২২ কোটি টাকা। মার্কিন নিলাম সংস্থা হেরিটেজ অকশনস জানায়, ২১ দিন চলবে নিলামের বিডিং। বলটির ভিত্তিমূল্য শুরু হবে ২.৫ মিলিয়ন ডলার থেকে। ২০২২ সালে একই ম্যাচে ম্যারাডোনার পরা জার্সি ৯.৩ মিলিয়ন ডলারে বিক্রি হয়। এবার বলটি সেই রেকর্ড ভাঙতে পারে।
ট্রম্পের সঙ্গে গলফ
ফুটবল মাঠে গোলের ঝড় তোলার মধ্যেই একদিন গলফ কোর্সে মনে রাখার মতো স্মৃতি খুঁজে পান হ্যারি কেইন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে প্রায় দেড় বছর আগে ফ্লোরিডার পাম বিচে গলফ খেলায় অংশ নেন ইংল্যান্ড অধিনায়ক। কেইনের কাছে এটি ছিল ‘পরাবাস্তব’ অভিজ্ঞতাটি। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নরওয়ের বিপক্ষে ম্যাচের আগে তিনি জানান, ট্রাম্পের সঙ্গে দেখা করা ছিল বিশেষ, একসঙ্গে গলফ খেলা সেটিকে আরও স্মরণীয় করে তুলেছে। ট্রাম্পও কেইনের ফুটবল প্রতিভার পাশাপাশি তার গলফ দক্ষতার প্রশংসা করেছিলেন।