রানার গতি নিয়ে সতর্ক অস্ট্রেলিয়া

আপডেট : ১২ জুলাই ২০২৬, ০৭:৩৯ এএম

জিম্বাবুয়ে সফরে গিয়ে একেবারেই সুবিধা করতে পারছে না বাংলাদেশ দল। একমাত্র টেস্টের পর ওয়ানডে সিরিজও হেরে গেছে। তবে এই সফরে যাওয়ার আগে দারুণ ছন্দে ছিলেন লাল-সবুজের প্রতিনিধিরা। টানা চার টেস্ট জয়ের পাশাপাশি সর্বশেষ চার ওয়ানডে সিরিজের সবই জিতেছেন লিটন দাস, নাজমুল হোসেন শান্তরা। এরপর জিম্বাবুয়ে গিয়ে সুবিধা করতে না পারলেও ছন্দ ধরে রেখেছেন বাংলাদেশের বোলাররা। বিশেষ করে পেসাররা। গতিতারকা নাহিদ রানা ধারাবাহিকভাবে পারফর্ম করছেন। জাতীয় দলের পরের চ্যালেঞ্জ অস্ট্রেলিয়া। সেখানে দুটি টেস্ট খেলবেন তারা। এ সিরিজে বাংলাদেশের পেস আক্রমণ, বিশেষ করে রানাকে নিয়ে সতর্ক অজিরা।

রানার নাম উল্লেখ না করলেও বাংলাদেশের পেসাররা অস্ট্রেলিয়ার ব্যাটারদের চ্যালেঞ্জে ফেলতে পারেন বলে মন্তব্য করেন দেশটির অভিজ্ঞ স্পিনার নাথান লায়ন, ‘হ্যাঁ, তারা খুব ভালো ক্রিকেট খেলছে। তাদের তরুণ ও দ্রুতগতির বোলার আছে, যারা ১৪৫ কিলোমিটারের ওপর বল করতে পারে।’ পাশাপাশি সফরকারী ব্যাটারদের নিয়ে পরিকল্পনার আভাস পাওয়া গেল লায়নের কথায়, ‘তাদের ব্যাটাররাও অনেক অভিজ্ঞ। এটা আমাদের জন্য সত্যিই বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে। আমাদের শেষ টেস্ট ম্যাচ ছিল জানুয়ারিতে, তাই লম্বা বিরতির পর আমাদের জন্য এ সিরিজটি খুবই গুরুত্বপূর্ণ।’

আগামী ১৩ আগস্ট শুরু হবে দুই ম্যাচের এ সিরিজ। প্রথম টেস্ট হবে ডারউইনের নর্দান টেরিটরিতে। এই ম্যাচ দিয়ে দীর্ঘ ২২ বছর পর সেখানে আবার টেস্ট ক্রিকেট ফিরছে। যে দুই টেস্ট এখানে হয়েছে, এর একটি খেলেছিল বাংলাদেশ। ডারউইনে টেস্ট ফেরা উপলক্ষে এক মাসের ক্ষণগণনা শুরু করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এর প্রচারণায় গতকাল অংশ নিয়ে বিভিন্ন কমিউনিটি ও সংবাদমাধ্যমের মুখোমুখি হন লায়ন। সেখানে ভেন্যুর প্রসঙ্গ উঠতে স্পিনাররাও বাড়তি সহায়তা পাবেন বলে ধারণা দেন তিনি, ‘শেষবার যখন আমরা এখানে খেলেছি, আমার মনে হয় ২০১৬ সাল হবে, বাংলাদেশ সফরের প্রস্তুতির অংশ হিসেবে আমরা এখানে স্পিন ক্যাম্প করেছিলাম। এবার আমরা জানতে পেরেছি, এটা পাঁচ দিনের টেস্ট ম্যাচ হতে যাচ্ছে, তাই আমাদের জন্য কিছু বাড়তি ওভার বল করার সুযোগ থাকবে।’

বাংলাদেশের বিপক্ষে এই সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে চান লায়ন। সর্বশেষ অ্যাশেজের তৃতীয় টেস্টে হ্যামস্ট্রিং চোটে পড়েন তিনি। অস্ত্রোপচারের পর ছয় মাস পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন এ অফস্পিনার। দেশের জার্সিতে ১৪১টি টেস্ট খেললেও এখনো নিজের উন্নতির জায়গা আছে বলে মনে করেন লায়ন, ‘চাপ তো সবসময়ই থাকে। তবে কাউকে অস্ট্রেলিয়া দলে খেলার অধিকার কেউ এমনি এমনি দেয় না। আমি এখনো নিজেকে উন্নত করার চেষ্টা করছি এবং আমার মনে হয়, আমার এখনো অনেক কিছু শেখার আছে। অস্ট্রেলিয়ান ক্রিকেটে আমার এখনো অনেক বড় ভূমিকা পালনের আছে। আমরা সবসময় বলি দলগত মানসিকতাই টেস্ট সিরিজ জেতার চাবিকাঠি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত