২০২৬ বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ফ্রান্সকে হারিয়ে স্পেন ইতিমধ্যেই ফাইনালে পা রেখেছে। আজ দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে বিশ্ব ফুটবলের অন্যতম দুই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ইংল্যান্ড। মাঠে নামার ২৪ ঘণ্টারও কম সময় আগে সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি মুখোমুখি হলেন ঐতিহাসিক ফকল্যান্ডস (মালভিনাস) যুদ্ধ বিতর্ক, ইংল্যান্ডের বিপক্ষে ফুটবলীয় বৈরিতা এবং দলগত পরিকল্পনা নিয়ে।
একই সাথে আবারও বাংলাদেশি সমর্থকদের ভালোবাসার প্রতি নিজের মুগ্ধতা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আলবিসেলেস্তেদের এই মাস্টারমাইন্ড।
'ফুটবল ও রাজনীতি মেশানো পাগলামি'
আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ মানেই মাঠের লড়াইয়ের বাইরে ইতিহাসের ফকল্যান্ডস যুদ্ধের ক্ষত ও ১৯৮৬ সালের ম্যারাডোনার সেই মহাকাব্যিক ম্যাচের স্মৃতি ঘুরেফিরে আসে। তবে এই ম্যাচে সেই ঐতিহাসিক সংঘাতকে জড়াতে পুরোপুরি অস্বীকৃতি জানিয়েছেন স্কালোনি।
স্কালোনি অত্যন্ত পরিপক্বতার সাথে বলেন, "এটি স্রেফ একটি ফুটবল ম্যাচ। বহু বছর আগে যা ঘটেছিল তার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, আমরা ফুটবলের সাথে ওসব মেলাতে পারি না। ফুটবলকে রাজনীতির সাথে মেশানো হবে এক ধরনের পাগলামি। এখন বিশ্বজুড়ে কত যুদ্ধ চলছে, এই অবস্থায় ফুটবল ম্যাচে সেই রেশ টানা কোনোভাবেই ঠিক নয়। আর্জেন্টিনার মানুষ হিসেবে আমরা অবশ্যই ফকল্যান্ডসে প্রাণ হারানো মানুষ ও তাদের পরিবারকে মনে রাখব। কিন্তু বর্তমান প্রজন্মের খেলোয়াড় বা সাধারণ মানুষের এতে কী দোষ? আমরা যদি এই দুই বিষয় গুলিয়ে ফেলি, তবে ভুল করব।"
বাংলাদেশি সমর্থকদের হৃদয়স্পর্শী ধন্যবাদ
সংবাদ সম্মেলনের শেষভাগে আবারও বিশ্বজুড়ে আর্জেন্টিনার সমর্থকদের নিয়ে কথা বলেন স্কালোনি। বিশেষ করে বাংলাদেশের আর্জেন্টিনা ভক্তদের অকুণ্ঠ সমর্থনের কথা মনে করিয়ে দিলে তিনি বেশ আবেগী হয়ে পড়েন।
বাংলাদেশি সমর্থকদের উদ্দেশ্যে স্কালোনি বলেন:
"আমরা বাংলাদেশের মানুষকে ধন্যবাদ জানাই, তারা সবসময় আমাদের চমকে দেয়। যারা আপনার নিজের দেশের মানুষ নয়, তারা যখন আর্জেন্টিনার জার্সি গায়ে জড়িয়ে আমাদের জন্য এভাবে গলা ফাটায়—এটি সত্যিই দেখার মতো এক অসাধারণ দৃশ্য।"
ম্যাচ পরিকল্পনা ও দলের অবস্থান
সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের একাদশ থেকে আজ সেমিফাইনালে বেশ কিছু পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন কোচ। দলের লক্ষ্য ও রণকৌশল নিয়ে তিনি জানান:
"আমাদের মূল লক্ষ্য থাকবে বলের নিয়ন্ত্রণ নিজেদের পায়ে রাখা এবং যখন আমাদের পায়ে বল থাকবে না, তখন যেন রক্ষণে সবচেয়ে কম ভুগতে হয়। ইংল্যান্ডের বেশ কিছু বিস্ফোরক ও গতিময় খেলোয়াড় রয়েছে। তবে বল পেলেই আমরা ওদের চমকে দেওয়ার চেষ্টা করব।"
আর্জেন্টিনা এই ম্যাচে তাদের ঐতিহ্যবাহী অ্যাওয়ে নীল জার্সি পরে খেলতে নামবে। এ নিয়ে স্কালোনি হেসে বলেন, "আমি নীল জার্সির জন্য কোনো অনুরোধ করিনি। হয়তো এটি কোনো ঐতিহ্য মেনে করা হয়েছে। ইংল্যান্ড কোচ থমাস টুখেলের যদি এতে আপত্তি না থাকে, তবে আমাদেরও কোনো সমস্যা নেই।"
স্কালোনি বলেন, "বিশ্বকাপের সেমিফাইনালে খেলার অভিজ্ঞতা আমাদের রয়েছে, যা মাঠে নামার আগে আমাদের শান্ত রাখতে সাহায্য করবে। টুর্নামেন্টের শীর্ষ চার দলের একটি হতে পারা এবং এটি আমাদের পঞ্চম সেমিফাইনাল হওয়া দল হিসেবে আমাদের স্বস্তি দিচ্ছে।"
আজকের সেমিফাইনালে যে দলই জিতবে, তারা আগামী রবিবার নিউ জার্সির ফাইনালে স্পেনের মুখোমুখি হবে। স্প্যানিশ কোচ লুইস দে লা ফুয়েন্তের ফাইনালে ওঠা নিয়ে স্কালোনি রসিকতা করে বলেন, "যদি আমরা ফাইনালে উঠতে না পারি, তবে বন্ধু লুইসকে ফোন করে ওয়ান-টু-ওয়ান সাহায্য করব। তবে আশা করি সেই ফোনের দরকার পড়বে না এবং আমরাই ফাইনালে যাব!"
'বিশ্বকাপ সেমিফাইনালের যোগ্যই ছিলেন না রেফারি', ক্ষুব্ধ ফ্রান্স
ট্রাম্পের সঙ্গে ইনফান্তিনোর ঘনিষ্টতার অভিযোগ তদন্ত করবে আইওসি