আগামী আগস্ট থেকে নাগরিক টিভির পর্দায় যুক্ত হচ্ছে নতুন চারটি ধারাবাহিক নাটক। ডাবিং সিরিজ ‘সুলতান সালাহউদ্দিন আইয়ুবি’-এর পাশাপাশি ভিন্ন ভিন্ন স্বাদের এই ধারাবাহিকগুলো দর্শকদের সামনে হাজির হবে। বঙ্গ-এর ব্যানারে নির্মিত এই নাটকগুলোতে অভিনয় করেছেন দেশের জনপ্রিয় তারকারা।
নাগরিক টিভি সূত্রে জানা গেছে, প্রতি রবি, সোম ও মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে প্রচারিত হবে রিয়াদ মাহমুদের নাটক ‘সন্দেহের অবকাশ’। এতে অভিনয় করেছেন মনোজ প্রামাণিক ও তাসনুভা তিশা। একই সময়ে বুধ ও বৃহস্পতিবার দেখা যাবে ইমেল হকের পরিচালনায় ইন্তেখাব দিনার ও তানিয়া বৃষ্টির নাটক ‘মুসিবত রিলোডেড’।
অন্যদিকে, প্রতি রবি, সোম ও মঙ্গলবার রাত ৯টায় প্রচার হবে মনজুরুল হাসান মিলনের ‘প্যারা+সিটামল ৫০০ এমজি’। জোভান ও চমক অভিনীত এই নাটকে দেখা যাবে এক ইন্টার্ন চিকিৎসকের রোমাঞ্চকর জীবনের গল্প। এ ছাড়া একই সময়ে বুধ ও বৃহস্পতিবার প্রচারিত হবে ইমরাউল রাফাতের ‘ওপেন কিচেন’। তিন বন্ধুর ক্যাফে খোলার স্বপ্ন ও সম্পর্কের টানাপড়েন নিয়ে নির্মিত এই ধারাবাহিকে অভিনয় করেছেন আরশ খান, স্পর্শিয়া ও টয়া।