গতবারের প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা দিলেন ৪২ শিক্ষার্থী!

আপডেট : ১৬ জুলাই ২০২৬, ০৭:৩১ এএম

বগুড়ার শিবগঞ্জ সরকারি এমএইচ কলেজকেন্দ্রের একটি কক্ষে ‘ভুলবশত’ ২০২৫ সালের প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা দিয়েছেন ৪২ শিক্ষার্থী। যুক্তিবিদ্যা বিষয়ের পরীক্ষায় এ অনাকাক্সিক্ষত ঘটনার পর বিষয়টি রাজশাহী শিক্ষা বোর্ডকে জানানো হয়েছে। একই সঙ্গে দায়িত্বরত দুই পরিদর্শককে কারণ দর্শানোর নোটিস দিয়ে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

গতকাল বুধবার শিবগঞ্জ সরকারি এমএইচ কলেজকেন্দ্রের ১০৭ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্র সচিব ও কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবুল কালাম আসাদ।

কেন্দ্র সূত্রে জানা যায়, ওই দিন যুক্তিবিদ্যা বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালে ১০৭ নম্বর কক্ষে সৃজনশীল প্রশ্নপত্র বিতরণের সময় ২০২৫ সালের প্রশ্নপত্র নিয়মিত পরীক্ষার্থীদের বিতরণ করা হয়। তবে বহুনির্বাচনী প্রশ্নপত্র সঠিকভাবে সরবরাহ করা হয়েছিল।

কেন্দ্র সচিব জানান, ওই কক্ষে ৪৩ পরীক্ষার্থী ছিল। তাদের মধ্যে ৪২ জন ভুলবশত ২০২৫ সালের প্রশ্নপত্রে পরীক্ষা দেন। অপর একজন পরীক্ষার্থী ২০২৬ সালের সঠিক প্রশ্নপত্র পেয়েছিল। পরীক্ষা শেষে বিষয়টি কেন্দ্র সচিবের নজরে আসে। পরে সংশ্লিষ্ট কক্ষের উত্তরপত্র সংগ্রহ করে পরীক্ষার্থীদের রোল নম্বরসহ একটি তালিকা প্রস্তুত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য রাজশাহী শিক্ষা বোর্ডে পাঠানো হয়।

আবুল কালাম আসাদ বলেন, প্রশ্নপত্র গ্রহণের পর কমিটি যাচাই-বাছাই করে কক্ষভিত্তিক পরিদর্শকদের কাছে হস্তান্তর করে। এরপরও অনাকাক্সিক্ষতভাবে এ ভুল হয়েছে। ঘটনার পর সংশ্লিষ্ট দুই পরিদর্শককে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে এবং তাদের পরীক্ষার দায়িত্ব থেকে বিরত রাখা হয়েছে। এখন বোর্ডের নির্দেশনা অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত